পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের মার্চের ঘটনা। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী গাড়িতে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। আহত হন ছয়জন ক্রিকেটার। আটজন সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয় লাহোরের রাজপথ। ভয়-আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় শ্রীলঙ্কা দল। এরপর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি টেস্ট খেলুড়ে কোনো দেশই।এই যখন অবস্থা, তখন চোখ কপালে ওঠার মতো খবরই শোনালেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কা দলের ওপরে হামলার ঘটনায় যেখানে অন্য দেশগুলো দল পাঠাচ্ছে না, সেখানে পাকিস্তানে লঙ্কান ক্রিকেটারদের পাঠাতে নাকি আপত্তি নেই তাঁর।পাকিস্তানি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ক্রিকেটারদের পাঠানোর ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সবুজ সংকেত দিয়েছেন রাজাপক্ষে। তাঁর সরকার দল পাঠাতে প্রস্তুত জানিয়ে লঙ্কান প্রেসিডেন্ট এটাও স্পষ্ট করেছেন, দুই দেশের বোর্ড চাইলে এখন সফরের সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা করতে পারে।‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এলে খুশিই হব আমরা।’ রাজাপক্ষের বরাত দিয়ে লিখেছে ‘এক্সপ্রেস ট্রিবিউন’।দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে চেষ্টার ত্রুটি করেনি পিসিবি। কিন্তু সেই প্রচেষ্টা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সর্বশেষ বাংলাদেশ দলের পাকিস্তান সফর হতে গিয়েও হয়নি। সফরের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বাংলাদেশের হাইকোর্ট। আদালতের নিষেধাজ্ঞার পরপরই বিসিবি সেটা পিসিবি ও আইসিসিকে জানিয়ে দেয়। বাংলাদেশ দলের পক্ষে নির্ধারিত সূচি (২৮ এপ্রিল থেকে ১ মে) মেনে পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, জানানো হয় সেটাও।