পাকিস্তান সফরের সিদ্ধান্ত আজই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত পাকিস্তান সফরে সম্ভবত যাচ্ছেই বাংলাদেশ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে হতে পারে এই সফর। আজ বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে।পরশু বিপিএলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাকিস্তানে আবারও নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হবে বলে জানিয়েছিলেন। বিসিবির সভায় আগে এ ব্যাপারেই সিদ্ধান্ত হবে। সঙ্গে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময় ঠিক করে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা নিশ্চিত করার বিষয়টিও আলোচনা হবে। বিসিবি সূত্রের দাবি মিলে যাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যমে আসা বিভিন্ন খবরের সঙ্গেও। পিসিবি প্রধান জাকা আশরাফ বলেছেন, বিসিবি পাকিস্তান সফরের ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিলেই কেবল বিপিএলের জন্য খেলোয়াড় ছাড়া হবে। এ ব্যাপারে দু-এক দিনের মধ্যেই বিসিবির সিদ্ধান্ত জানানোর কথা, এমনটাই দাবি পাকিস্তানি সংবাদ মাধ্যমের। বিসিবির আজকের সভা সেই সময়সীমার মধ্যেই পড়ে যাচ্ছে। এই সভায় সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিপিএলে পাকিস্তানিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বিসিবি।