
পাকিস্তান দলটাই এমন যে প্রতিকূলতার মধ্যে যেন আরও বেশি জ্বলে ওঠে। কিন্তু এই বিশ্বকাপে সম্ভবত আর তেমনটি হচ্ছে না। সুপার টেনে তিন ম্যাচের মাত্র একটিতে জয়, সেমিফাইনালের স্বপ্ন ঝুলছে অনেক ‘যদি’ ‘কিন্তু’র সুতোয়। এত সংশয়, দোলাচলের মধ্যে ওয়াকার ইউনিসও যেন দুহাত নামিয়ে অসহায় আত্মসমর্পণ করলেন। পাকিস্তান কোচের নিজেরই মনে হচ্ছে, তাঁর দল আসলে সেমিতে খেলারই যোগ্য নয়।
বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল শহীদ আফ্রিদির দল। হয়তো দেশটির ক্রিকেটপ্রেমীদের মনে আশার সঞ্চারও করেছিল, ‘এবার কিছু একটা হবে!’ কিন্তু পরের দুই ম্যাচেই সেই আশা হাওয়ায় মিলিয়ে গেল। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার, এরপর পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হার। পরের ম্যাচ আবার অস্ট্রেলিয়ার সঙ্গে, যারা নিজেরাও স্বপ্ন বাঁচিয়ে রাখতে লড়বে। সব মিলিয়ে আশা তো কমই, এখন ওয়াকারেরই এই দলের ওপর ভরসা কম।
নিউজিল্যান্ড ম্যাচের পর সেমির স্বপ্ন নিয়ে পাকিস্তান কোচ বললেন, ‘দেখুন, আমরা আশা ধরে রাখছি। কিন্তু যে ধরনের ক্রিকেট আমরা খেলছি, এটা হতাশাজনক। প্রশ্নটা আশা ধরে রাখার নয়, জীবন তো আসলে আশার ওপরই টিকে থাকে। কিন্তু আমাদের যা পারফরম্যান্স, তাতে আমরা আসলে সেমিফাইনালে খেলার যোগ্যই নই।’
সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শারজিল খান ঝোড়ো শুরু এনে দিয়েছিলেন। কিন্তু এই উদ্বোধনী ব্যাটসম্যান আউট হয়ে যেতেই পথ হারায় পাকিস্তান। বিশেষ করে ৮ থেকে ১৩—এই ৬ ওভারে এসেছে মাত্র ২৮ রান। ওয়াকারের আক্ষেপও এখানে, ‘জয়ের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম আমরা পেয়ে গিয়েছিলাম। ওরা ভালো বোলিং করেছে, মানতে হবে। মাঝের ওভারগুলোতে আমরা বাউন্ডারি পাইনি, যেটা গুরুত্বপূর্ণ ছিল। কিছুই ভালো হয়নি।’
শেষ ম্যাচেও হেরে গেলে পাকিস্তানের বিশ্বকাপ অভিযানে এই শব্দটাই অনুরণিত হবে বারবার—কিছুই ভালো হয়নি। ইন্ডিয়া টুডে।