পাকিস্তানও চায় লম্বা ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই অঙ্কের গেরো যে ছাড়াতে পারছেন না...।’শুনে আজহার আলীর ঠোঁটের কোণে মৃদু হাসি, ‘সমাধান তো আমিও খুঁজছি! আর একটা সেঞ্চুরি তো পেয়েছিই, আশা করি, দ্বিতীয়টি পেতে এত দেরি হবে না।’ কী ইঙ্গিত দিলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান, দ্বিতীয়টি করতে চান আজই?হতেও পারে। তবে তাঁর ক্যারিয়ার যাঁরা অনুসরণ করেছেন, তাঁদের মধ্যে খুব বেশি জনকে পক্ষে পাবেন না। প্রথম টেস্টের একমাত্র ইনিংসে আউট হয়েছিলেন ২৬ রানে, আজ দিনও শুরু করবেন ২৬ রান নিয়ে। তবে এই সবচেয়ে কঠিন কাজটা, অর্থাৎ প্রথম ২০ রান অনায়াসেই করে ফেলা তাঁর জন্য সহজ। ৩৩ ইনিংসের ক্যারিয়ারে এই নিয়ে ২১ বারই ২০ ছুঁলেন। ফিফটিও ছুঁয়েছেন ১২ বার। কিন্তু এর মধ্যে একটিকেই নিতে পেরেছেন তিন অঙ্কে!সেঞ্চুরি করার ইচ্ছাটা অবশ্য সরাসরি বলছেন না আজহার, সরাসরি জানাচ্ছেন না দলের লক্ষ্যটাও। দুটি প্রশ্নেই তাঁর একই উত্তর, যত বেশি সম্ভব ব্যাটিং করা। প্রথম দুই দিন শেষে বাংলাদেশের একটা ইনিংসই কেবল শেষ হয়েছে, পাকিস্তানের ইনিংসের মাত্র শুরু। আলোকস্বল্পতার কারণে প্রথম দুই দিনে মোট ৪৩ ওভার খেলা হয়নি, আবহাওয়ার এমন বাধা আসবে সামনেও। এই ম্যাচ থেকে ফল বের করা তাই চট্টগ্রামের মতো সহজ হবে না পাকিস্তানের জন্য।তবে পাকিস্তান দলকেও এ নিয়ে খুব একটা ভাবিত মনে হলো না। কী করলে কী হবে, এত দূর এখনই ভাবতে নারাজ তারা। দলের প্রতিনিধি হয়ে এসে আজহার জানালেন লক্ষ্যের কথা, ‘উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কিছু কিছু বল খানিকটা মন্থর হয়ে আসছে, তবে থিতু হয়ে গেলে এমন কোনো সমস্যা নয়। আমাদের উইকেটে অনেকটা সময় কাটাতে হবে। বড় জুটি গড়ে তুলতে হবে, দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করে যেতে হবে। এরপর দেখা যাক...।’প্রথম ইনিংসে বড় লিড নেওয়াই এখন হবে পাকিস্তানের লক্ষ্য। দ্বিতীয়বার নিশ্চয়ই আর ব্যাটিং করার ইচ্ছা নেই। আর পাকিস্তান যত লম্বা সময় ব্যাট করবে, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনাও বেড়ে যাবে। সে ক্ষেত্রে অবশ্য প্রথম ইনিংসের মতো ব্যাটিং করতে হবে দ্বিতীয় ইনিংসেও। পুরো সিরিজে এমন নিষ্প্রভ থাকার পর প্রথম ইনিংসে বাংলাদেশের এমন ব্যাটিং অবশ্য অবাক করেনি আজহারকে, ‘ওরা একটা আন্তর্জাতিক দল। আমরা জানতাম, ওরা ফিরে আসতে চাইবেই। টানা খারাপ তো আর করে যাবে না। ওদের এমন ব্যাটিং তাই অপ্রত্যাশিত নয়। আমি শাহরিয়ার নাফীস ও সাকিব আল হাসানকে অভিনন্দন জানাতে চাই। দলের প্রয়োজনের সময় ওরা দারুণ ব্যাটিং করেছে।’আজহারদের কাছ থেকে এমন দারুণ ব্যাটিং আজ নিশ্চয়ই দেখতে চাইবে না বাংলাদেশ!