পাকিস্তানকে আশার বাণীই শোনালেন কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘নিষিদ্ধ দেশ’ হয়ে আছে পাকিস্তান। সেই চক্র ভাঙতে এপ্রিলে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান যাওয়ার কথা হচ্ছে। তবে সেটি বাস্তবের মুখ দেখতে অনেক ‘কিন্তু’-‘যদি’ প্রশ্ন হয়ে আছে।সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই গত পরশু পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ থেকে নয় সদস্যের এক প্রতিনিধিদল। যেটির নেতৃত্ব দিচ্ছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। প্রতিনিধিদলের বাকি আট সদস্য বিসিবি পরিচালক জি এস হাসান তামিম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, নিরাপত্তা কমিটির প্রধান ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা এবং ক্রীড়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই-দুই চারজন এবং পুলিশের এক কর্মকর্তা।পাকিস্তানে সম্ভাব্য সফরের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখাই এই প্রতিনিধিদলের কাজ। পাকিস্তানে পৌঁছে নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, লাহোর ও করাচিতে নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখার পর ৫ মার্চ দেশে ফিরে সফরের অনুমোদনের জন্য সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।আজ এখানে গুলি, কাল ওখানে আত্মঘাতী বোমা হামলা—পাকিস্তান অনেক দিন ধরেই সন্ত্রাস-জর্জরিত। বাংলাদেশের প্রতিনিধিদল লাহোরে পা রাখার ঠিক আগের দিনই যেমন আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবারে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে বৈঠকের পর কাল ইসলামাবাদে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে অবশ্য আশার সুরই শুনিয়েছেন বিসিবি সভাপতি। রেহমান মালিক ও পিসিবি প্রধান জাকা আশরাফকে পাশে নিয়ে মুস্তফা কামাল বলেছেন, ‘পাকিস্তানে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য আইসিসির অন্য দেশগুলোকে রাজি করাতে হাতে হাত রেখে কাজ করব আমরা।’ঘটনাচক্রে এই সংবাদ সম্মেলনটি হলো লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঠিক তৃতীয় বর্ষপূর্তিতে। মালিক এতে বলেন, ‘বিমান থেকে নামা থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত হোটেলে থাকাকালীন, দেশের মধ্যে চলাফেরার সময় এবং অবশ্যই স্টেডিয়ামে তাদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।’শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে পাকিস্তান ক্রিকেটের জন্য সেটি অবশ্যই স্মরণীয় ব্যাপারই হবে। তবে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নিরাপত্তা প্রতিনিধিদলের সফরকেই ‘পাকিস্তান ক্রিকেট ও পাকিস্তানের ক্রিকেটামোদীদের জন্য অসাধারণ একটি মুহূর্ত’ বলে উচ্ছ্বাস প্রকাশ করে ফেললেন। সঙ্গে থাকল আশাবাদও, ‘আমি নিশ্চিত, মন্ত্রণালয় এবং সিন্ধ ও পাঞ্জাব প্রদেশ যে নিরাপত্তাব্যবস্থার পরিকল্পনা করেছে, তাতে তারা সম্পূর্ণ সন্তুষ্ট হবে।’ তথ্যসূত্র: এএফপি।