পাকিস্তানকে খাটো করে দেখার সুযোগ নেই: আফ্রিদি
উপমহাদেশে অনুষ্ঠিত এবারের এই বিশ্বকাপে ‘স্বাগতিক’ শব্দটা যোগ হতে পারত পাকিস্তানের আগেও। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি-নিরাপত্তা ইত্যাদি বিষয় মাথায় রেখে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এরপর স্পট ফিক্সিং কেলেঙ্কারি আর সবশেষে বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচনের জটিলতা। সব মিলিয়ে একটু দিশেহারা অবস্থার মধ্য দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। অধিনায়ক শহীদ আফ্রিদিও স্বীকার করলেন সে কথা।আজ শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘খুব কঠিন একটা সময় পার করছি আমরা। তবে অধিনায়ক হিসেবে আমি আশাবাদী। কারণ দল এই প্রতিকূল সময়টার মধ্যেই দারুণভাবে রুখে দাঁড়াচ্ছে। আপাতত মাঠের বাইরের ইস্যুগুলো আমরা পাত্তা দিচ্ছি না।’আফ্রিদিরা গতকাল বাংলাদেশে পৌঁছেছেন বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। ১৫ তারিখ মিরপুরে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৮ তারিখ চট্টগ্রামে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। পাকিস্তানের এই বিশ্বকাপ দলের আটজন ক্রিকেটার এবারই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে। এত অনভিজ্ঞ একটা দল গড়ায় অনেকেই খুব বেশি আমলে আনতে চাচ্ছেন না পাকিস্তানকে। তবে তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়েছেন আফ্রিদি, ‘আমাদের এই বিশ্বকাপ দলটাকে খাটো করে দেখার কারোরই কোনো সুযোগ নেই। তরুণদের পাশাপাশি কামরান আকমল আছেন দুর্দান্ত ফর্মে। সঙ্গে আছেন শোয়েব আকতারের মতো অভিজ্ঞ পেসার।’পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেক দড়ি টানাটানি, দ্বিধা-দ্বন্দ্বের পর অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আফ্রিদি নিজের যোগ্যতা প্রমাণের জন্যও মরিয়া হয়ে আছেন। বললেন, ‘অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে অবশ্যই আমার কিছু লক্ষ্য আছে। তার প্রমাণ আপনারা মাঠেই পাবেন।’