পাকিস্তানকে খেলায় ফিরিয়েছেন স্পিনাররা
২৭২ রানেই প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর কিছুটা বিপদের মুখেই পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু এরপর দ্বিতীয় দিনে পাকিস্তান স্পিনারদের দুর্দান্ত সাফল্যে আবার খেলায় নিয়ন্ত্রণ ফিরিয়েছে সফরকারীরা। পাকিস্তানের ২৭২ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৮৪ রানেই ৮ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে উইন্ডিজ ওপেনার লেন্ডি সিমন্সের উইকেট তুলে নিয়ে শুরুটা ভালোভাবেই করে দিয়েছিলেন ফাস্ট বোলার তানভির আহমেদ। ষষ্ঠ ওভারে আরেক ওপেনার ক্রেইগ বার্থওয়েথকেও সাজঘরে ফেরান ওয়াহাব রিয়াজ। এরপর তিন পাকিস্তানি স্পিনার আবদুর রেহমান, সাইদ আজমল ও মোহাম্মদ হাফিজের ঘূর্ণির ফাঁদে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন ড্যারেন ব্রাভো ও মারলোন স্যামুয়েলস। দলীয় ৯৪ রানের মাথায় মোহাম্মদ হাফিজের শিকারে পরিণত হয়ে ফিরে যান ব্রাভো (২৪)। তবে তার পরও অনেকক্ষণ উইকেটে ছিলেন স্যামুয়েলস। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। গতকাল দ্বিতীয় দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। নবম উইকেটে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন রবি রামপল (১৫) ও কুমার রোচ (১০)।পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আবদুর রেহমান, সাইদ আজমল ও মোহাম্মদ হাফিজ।