পাকিস্তানকে জেতালেন সেই আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিদি: ছয় মেরে জয়  ক্রিকইনফো
আফ্রিদি: ছয় মেরে জয় ক্রিকইনফো

টি-টোয়েন্টিতে অতিকাঙ্ক্ষিত এক ক্রিকেটার তিনি। অথচ গত ছয় ইনিংসে নামের সঙ্গে মানানসই কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বশেষ ছয় ইনিংসে তাঁর রান—৬, ২৩*, ১০, ১৪, ১৩* ও ১*। তিন ম্যাচে অপরাজিত ছিলেন, কিন্তু দলের চাহিদার সমান্তরাল চলতে পারেননি। সমালোচনাটা যখন ক্রমেই বাড়ছিল, ঠিক তখনই ঝলক দেখালেন ‘ছোট’ ফরম্যাটের ‘বড়’ ক্রিকেটার শহীদ আফ্রিদি। পরশু দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলে জেতালেন পাকিস্তানকে।
২টি চার ও ৩টি ছয়ে সাজানো ইনিংসটি খেলার পথে রেকর্ড বইয়ের একটা পাতায় জায়গাও করে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। ১০০০ রান ও ৫০ উইকেটের অনন্য এক ‘ডাবলের’র জন্ম দিয়েছেন। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম এই ‘কীর্তি’ গড়তে আফ্রিদি খেলেছেন ৬৯ ম্যাচ।
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪৬ রান। তৃতীয় ওভারে ওপেনার শাহজাদকে (৪) হারালেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক হাফিজ (৩২) ও শারজিলের (৩৪) ৫৭ রানের জুটি জয়ের পথেই রাখে পাকিস্তানকে। বাকি কাজটা সেরেছেন আফ্রিদি। ১৬তম ওভারে কুলাসেকারাকে দুবার আছড়ে ফেলেছেন গ্যালারিতে।

 শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরেই জিতিয়েছেন দলকে। শেষ ওভারে জয়ের জন্য এই ৬ রানই দরকার ছিল পাকিস্তানের।
এর আগে শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুসের ফিফটির (৫০) সুবাদে ৫ উইকেটে করে ১৪৫ রান। সিরিজের দ্বিতীয় বা শেষ টি-টোয়েন্টি একই মাঠে হবে আজ। ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৪৫/৫ (ম্যাথুস ৫০, থিরিমান্নে ২৩*, চান্ডিমাল ২২, সাঙ্গাকারা ২১; তানভির ২/৩৪, আজমল ২/৩৫, আফ্রিদি ১/২০)।
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬/৭ (আফ্রিদি ৩৯*, শারজিল ৩৪, হাফিজ ৩২; মালিঙ্গা ৩/২৬, সেনানায়েকে ১/১৪, পেরেরা ১/২৭, মেন্ডিস ১/২৯)।
ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।