পাকিস্তানকে টেস্টেও হারাল জিম্বাবুয়ে

সেই একই সেপ্টেম্বর। পার্থক্য হলো, সেবার ম্যাচটা হয়েছিল মুলতানে, এবার হারারেতে। সেবার পাকিস্তানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, এবার জিম্বাবুয়ে। পার্থক্য, সেবার এক প্রান্ত আগলে রেখেছিলেন তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক, এবার মিসবাহ-উল হক। তবে সবচেয়ে বড় এবং আসল পার্থক্য হলো, সেবার ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ, কিন্তু আজ পারল জিম্বাবুয়ে। মাত্রই কদিন আগে ১৫ বছর পর ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুইয়ানরা। ঠিক ১৫ বছর পর পাকিস্তানের বিপক্ষে তারা পেল টেস্ট জয়ের স্বাদও!
পারলে পুরো কৃতিত্ব মিসবাহই পেতেন। ৫৮ রানে একবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়ায় মনে হচ্ছিল, ভাগ্যই বুঝি পাশে আছে তাঁর। তবে শেষ পর্যন্ত পারলেন না অধিনায়ক।
দোষ অবশ্য অধিনায়কের নয়। ৮১তম ওভারের শেষ বল ছিল। মিসবাহ বল ঠেলেছিলেন কাভারে। ওভারের শেষ বল বলেই হয়তো এক রানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ও প্রান্তের রাহাত আলী। কিন্তু মিসবাহর অভিজ্ঞতা বলছিল, সম্ভব নয়। রাহাতকে ফিরে যেতে বলেছেন। কিন্তু ততক্ষণে হয়ে গেছে সর্বনাশ। রানআউট। মাত্র ২৪ রানে হারল পাকিস্তান। ৭৯ রানে অপরাজিত থেকে পরাজিত সেনাপতির বেশে সাজঘরে ফিরেছেন মিসবাহ।
অথচ কী দুর্দান্ত একটা জয়ই না দলকে এনে দিতে চলেছিলেন। মুলতানের সেই ‘উল-হক’ হয়ে উঠছিলেন যেন। ১৯৭ রানে পড়ে গিয়েছিল পাকিস্তানের সাত উইকেট। জয় থেকে পাকিস্তান তখনো ৬৭ রান দূরত্বে। অষ্টম আর নবম উইকেটে মিসবাহ দারুণ দুটো জুটি গড়েন সাঈদ আজমল আর জুনাইদ খানের সঙ্গে। এই দুই জুটিই তুলে ফেলে ৪১ রান। যে দুটো জুটিতে আজমল আর জুনাইদের অবদান মাত্র ৩—এখান থেকেই বোঝা যায় মিসবাহর লড়াইটা কতটা নিঃসঙ্গ ছিল।
আজমল ফিরে যাওয়ার পরও আশা ছাড়েননি মিসবাহ। জুনাইদকে নিয়েই এগিয়ে চলছিলেন। ৮ উইকেটে ২৩৮। জয় থেকে পাকিস্তান মাত্র ২৬ রান দূরত্বে।
ঝামেলা বাধল ৮১তম ওভারে জিম্বাবুয়ে নতুন বল নেওয়ার পর। চাতারার বাড়তি লাফিয়ে ওঠা বলটা সামলাতে পারলেন না জুনাইদ। গালিতে ক্যাচ নিয়ে জিম্বাবুয়ের ফিকে হতে থাকা আশাটাকে মুহূর্তেই উজ্জ্বল করে তুললেন ওয়ালার। সেটি ছিল ওভারের চতুর্থ বল। পঞ্চম বলে মাত্রই উইকেটে আসা রাহাত কী বুঝে যেন নিয়ে ফেললেন একটা রান। অথচ দুটো বল ঠেকালেই নতুন ওভার পেতেন মিসবাহ। তা তো পেলেনই না, উল্টো ওভারের শেষ বলে একটা ঝুঁকিপূর্ণ রান নিতে বাধ্য হলো পাকিস্তান। আর তাতেই সব শেষ! সিরিজও ড্র ১-১-এ!
ম্যাচসেরা হয়েছেন চাতারা। ৫ উইকেটে ১৫৮ রানে দিন শুরু করা পাকিস্তানকে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছেন তিনিই। শুধু জুনাইদের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছিলেন বলে নয়, আজ বোলারদের তুলে নেওয়া চার উইকেটের তিনটিই তাঁর। দিনের চতুর্থ ওভারে আদনান আকমলকে ফিরিয়ে দিয়েও দারুণ শুরু এনে দিয়েছিলেন দলকে। আজমলও তাঁর শিকার।