পাকিস্তানকে থামাল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়রথ থামল পাকিস্তানের। ব্যাটে ঝড় তোলে রস টেইলর একাই করলেন ১৩১ রান। আর সবাই মিলে শহীদ আফ্রিদিরা করলেন ১৯২ রান। আগের তিন ম্যাচের তিনটিতে জয়ী পাকিস্তানকে আজ কেন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হার মানতে হলো ১১০ রানের বড় ব্যবধানে।পাকিস্তানের হারটা ‘লজ্জার’ হতে পারত। ৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের শুরুটা করেন মোহাম্মদ হাফিজ। দলীয় ৫ রানে প্রথম আর ৬৬ রানে ষষ্ঠ উইকেটের পতন! পাকিস্তানের যখন লজ্জাজনক হারের আশঙ্কা, তখন প্রতিরোধ উমর আকমল ও আবদুল রাজ্জাকের। সাজঘরে ফেরার আগে উমর আকমল খেলেন ৩৮ রানের ইনিংস। আর রাজ্জাক করেন দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান। হারের ব্যবধানটা কমাতে কম ভূমিকা ছিল না উমর গুলেরও। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের হতাশায় ডুবান নিউজিল্যান্ডের রস টেইলর একাই। বল হাতে পাকিস্তানি ব্যাটসম্যানদের এককভাবে হতাশা দিতে পারেননি কেউ। যেন ভাগাভাগি করেই পাকিস্তানকে শিকারে পরিণত করেন কিউই বোলাররা। টিম সাউদি নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন কাইল মিলস, নাথান ম্যাককালাম ও স্কট স্টাইরিস। ৪০ ওভার শেষে সংগ্রহ ৪ উইকেটে ১৬৩। রান রেট ৪.০৭। নিউজিল্যান্ডের সংগ্রহ আর কত হবে, বড়জোর ২২০ থেকে ২৩০! কিউই ব্যাটসম্যানদের অল্প রানে থামানোর স্বপ্নে যেন স্বস্তিই পাচ্ছিলেন শহীদ আফ্রিদিরা! কিন্তু রস টেইলর শেষের দিকে যে ঝড়টা তুললেন, তাতেই এলোমেলো হয়ে যায় পাকিস্তানের স্বপ্ন।শেষের দিকে যেন ছয় মারার মহড়া দিলেন রস টেইলর। যার ফল, ইনিংস শেষে নিউজিল্যান্ডের সংগ্রহে ৭ উইকেটে ৩০২ রান! ৮ চার ও ৭ ছয়ে ১৩১ রানে অপরাজিত থাকেন টেইলর।৪৭তম ওভারে শোয়েবকে নিজের আগ্রাসী রূপটা দেখিয়ে দেন টেইলর। তিন ছক্কা ও দুই চারে তুলে নেন ২৮ রান! আর ৪৯তম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহে যোগ হয় ৩০ রান!শুরুটা অবশ্য হতাশারই ছিল নিউজিল্যান্ডের। প্রথম ওভারেই সাজঘরে ব্রেন্ডন ম্যাককালাম (৬)। একইভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাঁর জায়গায় খেলতে আসা জেমি হাউ (৪)। তবে এর পর পাকিস্তানি বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়ান মার্টিন গাপটিল ও রস টেইলর। ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল। তবে টেইলরকে ফেরাতে পারেনি পাকিস্তান।