পাকিস্তানকে ধবলধোলাই

ক্রান্তিকাল চলছে বাংলাদেশের ক্রিকেটে। হঠাৎই যেন খেই হারিয়ে ফেলেছে ছেলেরা। ২০১৪ সালটা কাটছে দুঃস্বপ্নের মতো। গত নভেম্বরে নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের স্মৃতিটাও যেন দূর অতীতের বিষয়। মুশফিকদের ব্যর্থতার ব্যবচ্ছেদ করেই যখন সময় কাটছে, তখন বাংলাদেশের মেয়েরা দিল আনন্দবার্তা। এশিয়া কাপের ডামাডোলে অনেকটা নিভৃতেই সৈকতশহর কক্সবাজারে পাকিস্তানকে সিরিজে হারিয়ে দিল সালমা খাতুনের দল। শহীদ আফ্রিদির দানবীয় ইনিংসের কাছে যেদিন হার মেনেছিল বাংলাদেশ, সেদিনই প্রথম ম্যাচটা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আর কাল দুই ম্যাচ সিরিজের শেষটিও জিতে নিল ৩ উইকেটে, বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথম ওয়ানডে সিরিজ জয়।
২০১১ সালে ওয়ানডে অভিষেকেই আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি। এরপর এই সিরিজের আগে গত আড়াই বছরে খেলা ১৩ ওয়ানডেতে জয় মাত্র একটিতে। বাংলাদেশের মেয়েরা এবার পাকিস্তানকে হারিয়ে দেবে কে ভেবেছিল! শক্তির পাল্লায় তো বটেই, অভিজ্ঞতায়ও পাকিস্তানের দলটি অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। ১৯৯৭ সাল থেকে ওয়ানডে খেলা পাকিস্তানিরা বাংলাদেশের বিপক্ষে জিতেছিল মুখোমুখি হওয়া প্রথম দুটি ম্যাচই। পরের দুটি ম্যাচই জিতে সমতা (২-২) এনে ফেলল বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো কালও নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জেতে পাকিস্তান। এবার ফিল্ডিংয়ের বদলে নেয় ব্যাটিং, তবে ভাগ্য ফেরেনি, প্রথম ম্যাচে তাও ১০৯ রান হয়েছিল, এবার হলো ৮৭। ২৮ রানেই প্রথম ৩ উইকেট হারানো দলটির শেষ ৭ উইকেট ২১ রানের মধ্যেই তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। এক ৬৭ রানে দাঁড়িয়েই পাকিস্তান হারায় ৩ উইকেট, যার সব কটিই নিয়েছেন অফস্পিনার সোহেলি আক্তার। ৮ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সোহেলিই বাংলাদেশের সেরা বোলার। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার লতা মণ্ডল ও পান্না ঘোষ এবং লেগস্পিনার রুমানা আহমেদ।
৮৮ রানের লক্ষ্য। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ১৩ রানে। এরপর ৩৭ রানের জুটিতে ৫০-এ নিয়ে যান আয়েশা রহমান ও ফারজানা হক। ৯০ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করে আয়েশার বিদায়ের পর ১৩ রানেই নেই পরের ৩ উইকেট। প্রথম ৩০.২ ওভারে ৬৩ রান করা দলটি পরের ২১ বলে তোলে ২৪ রান। স্কোরটাকে সমতায় রেখে লতার (১২ বলে ১৬) আউটের পর জয়ের আগেই পড়ে যায় আরও দুটি উইকেট।
আগামীকাল একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৬.১ ওভারে ৮৭ (আবিদি ২৮, মির ১৮; সোহেলি ৩/১৩, পান্না ২/৯, লতা ২/১৫, রুমানা ২/২১)। বাংলাদেশ: ৩৪.৫ ওভারে ৮৮/৭ (আয়েশা ২৯, ফারজানা ১৮, লতা ১৬; মির ৪/২৬, সুমাইয়া ১/১৪, দার ১/১৫)।
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০-তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সানা মির।