পাকিস্তানকে নিরাপদ বললেন জয়াসুরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটীয় বিচারে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে সনাৎ জয়াসুরিয়াদের পাকিস্তান সফর আলাদাভাবে নজর কাড়বেই। হোক সেটা ভিন্ন ভিন্ন দেশের ক্রিকেটারদের জোড়াতালি দেওয়া দল, ২০০৯ সালের পর এটাই যেকোনো বিদেশি দলের পাকিস্তান সফর! এর মধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে দলটি। এখনো কোনো অঘটন ঘটেনি, সাবেক লঙ্কান ওপেনার আশা করছেন পাকিস্তানে আবার দলগুলো আসতে শুরু করবে, ‘এ ম্যাচগুলোর অংশ হতে পেরে আমি খুশি। এটা দেশভেদে নির্ভর করবে (তারা পাকিস্তান সফর করবে কি না), কিন্তু আমার মতে, পাকিস্তান এখন একদমই নিরাপদ একটা জায়গা।’দুবার বিশ্বকাপজয়ী আলভিন কালিচরণ দলটির কোচ, তাঁর কথায়ও জয়াসুরিয়ারই প্রতিধ্বনি, ‘১৯৭২ সালে এখানে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে এসেছিলাম, এবারও একটা মহৎ কারণে এসেছি। সেটা হলো পাকিস্তানে ক্রিকেটের প্রসার।’ সিন্ধ প্রদেশের ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আলী শাহের উদ্যোগেই ম্যাচটা হচ্ছে। শাহ অবশ্য বলছেন পিসিবিই আয়োজন করছে ম্যাচগুলো। কিন্তু পিসিবি দাবি করছে তারা আয়োজক নয়। তাই ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নিতেও অস্বীকার করেছে পিসিবি। শুধু ভেন্যু ও খেলোয়াড়দের তালিকার ব্যাপারেই নাকি সাহায্য করেছে তারা। আগামীকাল ও পরশু করাচিতে পাকিস্তান একাদশের বিপক্ষে হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এএফপি।