পাকিস্তানকে পেয়ে বিশ্বকাপে প্রথম জয়ের আশা বাংলাদেশের
২০০৯ সালের ১৪ মার্চ, সিডনিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। মেয়েদের বিশ্বকাপে এরপর থেকে দলটি হেরেছে টানা ১৭ ম্যাচ। বাংলাদেশ অবশ্য খেলছে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ-যাত্রা শুরু হয়েছে তাদের। আগামীকাল ভোর ৪টায় হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টি বা অন্য কারণে খেলা না হলে তাই কাটবে যেকোনো একটি খরা—বিশ্বকাপে বাংলাদেশ পাবে প্রথম জয় অথবা টানা হারের স্মৃতি ভুলবে পাকিস্তান।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার আশা, নিজেদের প্রথম জয়টা পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই পাবেন তাঁরা। তিনি মনে করছেন, পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে আসবে তাঁদের।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা আশাজাগানিয়াই। এ সংস্করণে যে দলগুলোর বিপক্ষে বাংলাদেশ খেলেছে, সবচেয়ে বেশি জয় এসেছে পাকিস্তানের বিপক্ষেই। ১১টি ম্যাচ খেলে বাংলাদশে জিতেছে ৫টিতে।
ম্যাচের আগে নিগারকে আশা জোগাচ্ছে অতীত রেকর্ড, ‘আমরা অনেকবার খেলেছি তাদের বিপক্ষে, ফলে বেশ ভালোভাবেই জানি। তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমার মনে হয় বিশ্বকাপে আমাদের প্রথম জয়ের ভালো সুযোগ আছে।’
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে আটকে দেওয়ার পরও ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও নিউজিল্যান্ডের কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারতে হয়েছিল ৯ উইকেটের বড় ব্যবধানে। নিগার অবশ্য বলছেন, আগের ম্যাচগুলোতে বাংলাদেশ ‘দুর্দান্ত’ খেলেছে, ‘হয়তো ফল পক্ষে আসেনি। তবে আমরা উন্নতি করছি, সর্বশেষ দুই ম্যাচ দেখলেই বোঝা যায় সেটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, সেটা দারুণ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটাও দুর্দান্ত ছিল।’
পাকিস্তানের বিপক্ষেও আগের পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘যদি আমরা আগের মতো করেই খেলতে পারি, ব্যাটিং ও বোলিংয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।’
বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান। তবে মূল আসরে প্রথম তিন ম্যাচে হেরেছে তারা। ভারতের বিপক্ষে উড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তারা, সর্বশেষ ১১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়েছে ৬ রানে।
অন্যদিকে ৭ মার্চ নিজেদের সর্বশেষ ম্যাচ খেলার পর বেশ লম্বা একটা বিরতি পেয়েছে বাংলাদেশ। ডানেডিনে বৃষ্টি বাগড়া বাধিয়েছে, তবে হ্যামিল্টনে রৌদ্রজ্জ্বল আবহাওয়া আশা করা হচ্ছে। সবাই ফুরফুরে আছে বলেও জানিয়েছেন নিগার, ‘সবাই দারুণ ফিট আছে, পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে। আশা করি ভালো একটা পিচ থাকবে।’