পাকিস্তানকে বিদায় করে দিল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে ১৪। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের সিরিজেই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন স্টিভেন স্মিথ। বিশ্বকাপে এসে কি তাহলে ব্যাটিংটা ভুলে গেলেন?
জবাবটা আজ মোহালিতেই দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া খুব বেশি বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। আর এ ম্যাচেই ব্যাট হাতে স্বরূপে ফিরলেন স্মিথ, খেললেন ৪৩ বলে অপরাজিত ৬১ রানের ঝলমলে ইনিংস। অধিনায়কের বিধ্বংসী ইনিংসের পর জেমস ফকনারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান থেমে গেছে ৮ উইকেটে ১৭২ রান করেই। পরাজয় বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে শহীদ আফ্রিদিদের।
অস্ট্রেলিয়া হারলে তবু কিছুটা সম্ভাবনা বেঁচে থাকত সেমিফাইনালে খেলার। তবে পাকিস্তান জানত, হারলেই পত্রপাঠ বিদায়। এই হিসেব-নিকেশের সামনে দাঁড়িয়ে মোহালির ম্যাচটায় বোলিংও খুব আহামরি হলো না শহীদ আফ্রিদিদের। দুই স্পিনার আফ্রিদি আর ইমাদ ওয়াসিমকেই যা একটু সমীহ করে খেলেছে অস্ট্রেলিয়ানরা, বাকিরা মার খেয়েছেন বেধড়ক। ৭.২ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। শুরুর এই ধাক্কা সামলাতে মাঝে দিকে রান রেটটাও কিছুটা পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে সেই ধাক্কা সালাম দেন অধিনায়ক স্মিথ। চতুর্থ উইকেটে এ দুজন ৬.২ ওভারে তুলে নেন ৬২ রান। দারুণ খেলতে থাকা ম্যাক্সওয়েল ১৮ বলে ৩০ রান করে ওয়াসিমের বলে লং অনে ক্যাচ দেন আহমেদ শেহজাদের হাতে। অস্ট্রেলিয়ার রান তখন ১৩.২ ওভারে ৪ উইকেটে ১১৯। বড় ঝড়টা শুরু হয় এর পর থেকে। পঞ্চম উইকেটে শেন ওয়াটসনকে নিয়ে ৬.২ ওভারে আরও ৭২ রান যোগ করেন স্মিথ। শেষ পর্যন্ত ওয়াটসন অপরাজিত ছিলেন ২১ বলে ৪৪ রান করে, ঝোড়ো ইনিংসটা সাজানো ৩ ছক্কা ও ৪ চারে। পাকিস্তানের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াসিম, ৩৫ রানে ২ উইকেট ওয়াহাব রিয়াজের।
তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মন্দ হয়নি। তৃতীয় ওভারেই আহমেদ শেহজাদ ফিরে ফেলেও শারজিল খান ব্যাট হাতে ঝড় তুললেন। ১৯ বলে ৩০ রান করে শারজিল বিদায় নিয়েছেন ফকনারের বলে বোল্ড হয়ে, কিন্তু পাকিস্তান আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে গেছে অনেকটা সময় ধরে। খালিদ লতিফের ব্যাট আশা দেখাচ্ছিল, ৪১ বলে ৪৬ করার পর তাঁকেও ফিরিয়ে দেন ফকনার। বাকি সময়টায়ও অস্ট্রেলিয়ান এই পেসারই সবচেয়ে বেশি ভুগিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। একে একে তুলে নেন ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ আর ওয়াহাব রিয়াজকে। শেষ দিকে ২০ বলে অপরাজিত ৪০ রান করে শোয়েব মালিক একা লড়েছেন কিছুক্ষণ। কিন্তু আস্কিং রানরেট এত বেড়ে গিয়েছিল যে তাঁর একার পক্ষে আর ম্যাচ বের করে আনা সম্ভব হয়নি। ২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরাও ফকনারই।