পাকিস্তানকে বড় সংগ্রহ করতে দেয়নি শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারজিল খানকে ফেরাচ্ছেন লাসিথ মালিঙ্গা। ছবি: ওয়েবসাইট।
শারজিল খানকে ফেরাচ্ছেন লাসিথ মালিঙ্গা। ছবি: ওয়েবসাইট।

চলতি ওয়ানডে সিরিজে পরপর তিন ম্যাচে টসে জিতেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। টসভাগ্য ভালো হলেও সিরিজ ভাগ্য ভালো নয় লঙ্কান অধিনায়কের! সিরিজ নিষ্পত্তি হয়েছে গত ম্যাচেই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ তাই শুধুই নিয়ম রক্ষার। আর আজ টসভাগ্য ফিরল পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের। টসে জিতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা।

পাকিস্তান ইনিংসে উইকেটের পতন শুরু মাত্র ৩০ রানে, লাকমলের বলে আহমেদ শেহজাদ (১৭) ফিরে যাওয়ার মধ্য দিয়ে। ৭০ রানে পাকিস্তানের শীর্ষ তিন ব্যাটসম্যান সজঘরের রাস্তা ধরেন। এর মধ্যে রয়েছে শারজিল খান (১৮) ও সোহেব মাকসুদের (৭) উইকেট। ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ হাফিজ আজও বড় ইনিংসের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারেননি ‘দ্য প্রফেসর’। বিপজ্জনক হওয়ার আগেই হাফিজকে ফেরান ম্যাথুস।  করেন ৪১। চলতি সিরিজের আগে সর্বশেষ ছয় ম্যাচে ৮৮ রান করা হাফিজ দুর্দান্তভাবে বদলে ফেলছেন নিজেকে। চলতি সিরিজে তাঁর রান দাঁড়িয়েছে ৪৪৮, গড় ১৪৯.৩৩!

দল বিপদে পড়লেই মিসবাহ হাজির হবেন ত্রাণকর্তা হিসেবে, তুলে নিবেন অসাধারণ এক অর্ধশতক! এ যেন পাকিস্তানের ইনিংসের নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে। আজও তা-ই হলো! ‘মিস্টার ফিফটি’ তুলে নিলেন ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতক। মালিঙ্গার বলে আউট হওয়ার আগে করেন ৫১।

১৭৬ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তানের ২০০ পেরোবে কি না, সংশয় ছিল। যাবতীয় সন্দেহ-সংশয় ফুত্কারে উড়িয়ে বোলার আনোয়ার আলী হাজির হলেন ‘ব্যাটসম্যান’ হিসেবে! মূলত আনোয়ারের ৩৮ বলে ৪১ রানের সুবাদেই পাকিস্তানের ইনিংস ভদ্রস্থ হয়। ৪৯.৩ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। লঙ্কানদের মধ্যে সবচেয়ে সফল মালিঙ্গা, নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া লাকমল ৩টি, ম্যাথুস  ও  মেন্ডিস পেয়েছেন ১টি করে উইকেট।