পাকিস্তানকে রেখেই এশিয়া কাপের সূচি!
এখনো অনিশ্চয়তার একটা সুতা ঝুলিয়ে রেখেছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম তো নেতিবাচক প্রচারণা চালিয়েই যাচ্ছে। গতকালই দেশটির এক শীর্ষ পত্রিকা খবর ছাপিয়েছে, এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) নাকি আবারও বলেছে শ্রীলঙ্কাকে প্রস্তুত থাকতে! যদিও নির্ভরযোগ্য কোনো সূত্রের উল্লেখ নেই। এশিয়া কাপ যে বাংলাদেশে হচ্ছেই, সেটি তো এসিসি নিশ্চিতই করে দিয়েছে। আজ ঘোষণা হতে পারে টুর্নামেন্টের সূচি এবং সেটি পাকিস্তানকে রেখেই।
এশিয়া কাপ নিয়ে আজ ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে এসিসি। যদিও এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আগেই মুখ খুলতে চাননি। তবে নানা সূত্র থেকে পাওয়া খবর, আজই প্রকাশ করা হবে টুর্নামেন্টের সূচি। আর সেটি করা হয়েছে পাকিস্তানকে রেখেই। কাজেই আনুষ্ঠানিকভাবে যতই নিশ্চিত না করুক কিংবা এশিয়া কাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিতে প্রচারণা চালাক, পাকিস্তান যে বাংলাদেশে আসছে, সেটি ধরেই নেওয়া যায়। পাকিস্তান অবশ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে সম্ভবত পিসিবির নিরাপত্তা কর্মকর্তার বাংলাদেশ সফরের পরই। পিসিবির নিরাপত্তা ব্যবস্থাপক কর্নেল আজমের ঢাকায় আসার কথা ১৯ জানুয়ারি।