দেড় মিলিয়ন ডলার! সেটিও মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই! অবিশ্বাস্য লোভনীয় সেই প্রস্তাব পায়ে ঠেলেছেন ব্রায়ান লারা। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ হিসেবে সিন্ধ প্রদেশের ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে গতকাল একটি ম্যাচ হয়ে গেছে করাচিতে। আজ হবে অন্যটি। ‘আন্তর্জাতিক একাদশ’ নামের এই দলটিতে খেলছেন সনাৎ জয়াসুরিয়ার মতো তারকাও। ওয়েস্ট ইন্ডিজের রিকার্ডো পাওয়েলসহ কয়েকজন আছেন। লারার কাছ থেকে জানা গেছে, প্রস্তাব পেয়েছিলেন তিনিও। কিন্তু এই ম্যাচ দুটো আইসিসি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমোদিত নয় বলে রাজি হননি ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। কারণ তিনি চাননি, তাঁর এই অংশগ্রহণের মাধ্যমে ‘ভুল বার্তা’ পৌঁছাক ক্রিকেট বিশ্বের কাছে।ত্রিনিদাদ গার্ডিয়ানকে লারা বলেছেন, ‘হ্যাঁ, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত না দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ (পিসিবি) বাকি বিশ্বকে আশ্বস্ত করতে পারছে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না আইসিসি তাতে সম্মত হচ্ছে, আমি না-ই বলব।’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। করাচির জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক একাদশ বনাম পাকিস্তান অল স্টার একাদশের এই ম্যাচ দুটো তাই এক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। পিসিবি দুটো ম্যাচের জন্য ভেন্যুর অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা দিলেও এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। যদিও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের খেলার জন্য ছাড়পত্রও দিয়েছে তারা। ওদিকে আইসিসির আপত্তির মুখেও ‘বিশ্ব একাদশ’ থেকে নাম পাল্টে ‘আন্তর্জাতিক একাদশ’ও করতে হয়েছে। ম্যাচ দুটোর পুরো আয়োজনের ভার নিয়েছে সিন্ধ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আলী এর অন্যতম উদ্যোক্তা। লারা না থাকলেও তিন ওয়েস্ট ইন্ডিয়ান আছেন আন্তর্জাতিক একাদশে। কোচ হিসেবে আছেন আলভিন কালিচরণ। পাওয়েল জানিয়েছেন, শুরুতে তিনিও দ্বিধায় ছিলেন। কিন্তু পাকিস্তানে আসার পর ভুল ভেঙেছে তাঁর। আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে আসার আহ্বানও জানিয়েছেন এককালের এই মারকুটে ব্যাটসম্যান। তবে তাঁর এই আহ্বানে আদৌ সাড়া মিলবে বলে মনে করেন না খোদ আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। ওয়েবসাইট।