পাকিস্তানকে শ্রীলঙ্কার ‘না’
পাকিস্তানে খেলতে আসছে না বিদেশি কোনো দল। ভরসা ছিল নিরপেক্ষ ভেন্যু। এ রকম এক নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতেই আগামী আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান নিজেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে ঠিক হয়েছিল। কিন্তু কাল শ্রীলঙ্কা না করে দিয়েছে পাকিস্তানকে। কারণ ওই সময়ইে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসর বসতে যাচ্ছে। ওই টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক হওয়াতেই শ্রীলঙ্কার এই পিছু হটা। ফলে নতুন ভেন্যু খুঁজতে হচ্ছে পিসিবিকে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ এই খবর জানিয়ে বলেছেন, নতুন ভেন্যু খুঁজছে এখন পিসিবি। গত মার্চে শ্রীলঙ্কা বোর্ড চূড়ান্ত করেছিল সফরটি। তখন অবশ্য এসএলপিএল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত বছর বাতিল হয়ে যাওয়া ওই টুর্নামেন্ট নিয়ে শ্রীলঙ্কা বোর্ড নতুন চুক্তি করেছে মাত্র গত সপ্তাহে। একই সঙ্গে দুটি সিরিজ চালানোর মতো অবকাঠামো নেই বলেই পাকিস্তানকে না করে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এসএলসি সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা। ওয়েবসাইট।