পাকিস্তানকে হারাতে পারলেও তো অঙ্কটা জটিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ ফুটবল
সাফ ফুটবল

টিম হোটেলে ইউরোপের একদল পর্যটকের গলায় গাঁথা ফুটবলের মালা। একটু আগেই তাঁরা চেক-ইন করলেন। ফুলের সুবাস হোটেল লবিতে ভাসছে। বাংলাদেশ-পাকিস্তান ফুটবলারদের নাকে এসে লাগল সেই সুগন্ধি। কাল সকালে দুই দলের খেলোয়াড়েরা মুক্ত মনে এদিক-ওদিক ঘুরে বেড়ালেও হোটেলের এই পরিবেশটা উপভোগ করতে পারলেন কই? এটি যে উপভোগের সময় নয়!ও হ্যাঁ, ভারত-নেপালের ফুটবলারদের কথাও বলা উচিত। তাঁরাও একই সময়ে ফুরফুরে মেজাজে লবিতে ঘুরছিলেন। কিন্তু ভেতরে ভেতরে চাপা উত্তেজনা। ‘কী হবে’, ‘কী হবে’ অনিশ্চয়তা। কাল দিনভর সেই দোলাচলেই দুলল চার দলটি।কাঠমান্ডুর বিষ্ণুমতি নদীতে সব অনিশ্চয়তা ডুবিয়ে দেওয়ার দিনটা কিন্তু আজই। ‘গ্রুপ অব ডেথের’ চার দলের সামনেই আজ পরীক্ষা। অষ্টম সাফ ফুটবলের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে সবার। একই সঙ্গে বিদায়ের শঙ্কাও তাড়া করছে সমানে।সেটি অবশ্য ভারত-নেপাল শিবিরে তুলনামূলক কম। ৪ পয়েন্ট নিয়ে এই দুই দল সুবিধাজনক জায়গায়। ১ পয়েন্ট করে পাওয়া বাংলাদেশ-পাকিস্তানের ওপরই চাপটা বেশি। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় দুটি ম্যাচই শুরু হচ্ছে। নেপাল আর্মড ফোর্সেস মাঠে বাংলাদেশ-পাকিস্তান। দশরথ স্টেডিয়ামে ভারত-নেপাল।বাংলাদেশের সেমিফাইনালে ওঠার বড় শর্ত, ভারত-নেপাল ম্যাচে একটা দলকে জিততেই হবে। এই ম্যাচ ড্র মানে ৫ পয়েন্ট নিয়ে ভারত-নেপালই যাবে দক্ষিণ এশীয় ‘বিশ্বকাপের’ সেমিফাইনালে।বাংলাদেশ চাইছে ফল আসুক এই ম্যাচে। ধরা যাক, ভারত ১-০ গোলে নেপালকে হারাল। ৭ পয়েন্ট নিয়ে ভারতই তখন গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ৪ পয়েন্ট পাওয়া নেপালের গোলগড় হবে ধনাত্মক ১। পাকিস্তানের বিপক্ষে তখন বাংলাদেশকে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে। তাহলেই বাংলাদেশের পয়েন্ট হবে ৪ এবং গোলগড় ঋণাত্মক ২ থেকে উঠবে ধনাত্মক ২-এ। খুলবে সেমির দরজাও।সমীকরণ অনেক আছে। বাংলাদেশের প্রথম কাজ, পাকিস্তানকে বড় ব্যবধানে হারানো। সেটি আপাতদৃষ্টিতে খুব কঠিনই লাগছে। কেননা, পাকিস্তান খুব ভালো খেলছে। তাদের হয়তো কেউ সেভাবে গোনায় ধরেনি, কিন্তু ভারতের কাছে ১-০ গোলে হারটা পাকিস্তানের প্রাপ্য ছিল না। পরশু নেপাল তো শেষ মুহূর্তে গোল করে হার এড়িয়েছে অনেকটাই বদলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে।এই পাকিস্তান ম্যাচটাকেই তাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ। সকালে হোটেল লবিতে ঘিরে ধরা মিডিয়াকে বলছিলেন, ‘পাকিস্তান খুবই ভালো দল। এই ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন।’পাকিস্তান খেলোয়াড়দের উচ্চতা এবং শারীরিক সক্ষমতা অনেক বেশি মামুনুলদের চেয়ে। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগ ফুলহামে খেলা ডিফেন্ডার জেশ রহমানের নেতৃত্বে পাকিস্তানের রক্ষণ বেশ জমাট। জেশসহ এই দলে আছেন তিনজন ডেনিশ ও একজন ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানি। বাংলাদেশ দলে নতুন বিপদ, গত দুই ম্যাচের অধিনায়ক ডিফেন্ডার নাসিরউদ্দিনের চোট। ভারত ম্যাচে স্ট্রাইকার সুনীল ছেত্রীর কনুইয়ের গুঁতোয় তাঁর মাথায় পড়েছে তিনটি সেলাই। জ্বরে ভুগছেন মিডফিল্ডার তকলিচ। তাই আজ নতুন আরেকটি একাদশ নামাতে হতে পারে বাংলাদেশের কোচকে।

তবে ইতিহাস বলছে, পাকিস্তানকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সাফ টুর্নামেন্টে দুই দলের চার সাক্ষাতে বাংলাদেশ দুই ম্যাচ জিতেছে, ড্র করেছে দুই ম্যাচে। সাফে এখন পর্যন্ত পাকিস্তানের কাছে কোনো গোলও খায়নি বাংলাদেশ! ভারত ম্যাচে উজ্জীবিত হয়ে ওঠা বাংলাদেশ বেশ তেতে আছে মরণকামড় দিতে। এটিও বড় সুসংবাদ। চাপ কমিয়ে খেলোয়াড়দের ‘মুক্ত’ মনে খেলার ছাড়পত্র দিয়েছেন কোচ। কাল বাংলাদেশ দলের অনুশীলন দেখে মনেই হয়নি আজ এমন বাঁচা-মরার ম্যাচ!বল নিয়ে হালকা অনুশীলন, বাকি সময়টা মজাটজা করে ছবি তুলেই কাটল। বাফুফের মিডিয়া ম্যানেজারকে চ্যাংদোলা করে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে নিয়ে ফেললেন গোলরক্ষক মামুন খান, অধিনায়ক মামুনুল ইসলামসহ আরও অনেকে। কোচ দু-একটা বলও মারলেন, যেগুলো হেড করলেন মিডিয়া ম্যানেজার। কাঠমান্ডু এসে এই প্রথম ডি ক্রুইফকে খোলামেলা প্রাণবন্ত লাগল। বাংলাদেশ দলের অনুশীলনেও থাকল বেশ ফুরফুরে মেজাজ, যেটি ইতিবাচকই।কিন্তু অনুশীলনে যেতে হোটেল থেকে বেরোনোর সময় কলকাতার টিভি সাংবাদিকের প্রশ্ন শুনে বেশ সিরিয়াস মামুনুল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ একাত্তরকে মনে করিয়ে দেয়? মামুনুলের জবাবটা হ্যাঁ-বোধকই, ‘অবশ্যই পাকিস্তানের বিপক্ষে খেলা সব সময়ই অন্য রকম। একাত্তরের কথা এসেই যায়।’

কিন্তু পাকিস্তানের কোচ শেহজাদ আনোয়ার এসব প্রসঙ্গে যেতে নারাজ। তাঁর বরং উদ্বেগ, ‘আমরা চাই ভারত-নেপাল ম্যাচটা স্বচ্ছ হোক।’ বাংলাদেশ কোচেরও একই চাওয়া, ‘আমরা জয়ের জন্যই খেলব। একই সঙ্গে চাইব অন্যটিও যেন স্বচ্ছ হয়।’সাফে বাংলাদেশের টিকে থাকার চাবিকাঠি অনেকটাই ভারত-নেপাল ম্যাচে! সেটি ড্র হয়ে গেলে ব্যাগপত্তর গুছিয়ে ডি ক্রুইফের দলকে ধরতে হবে ফিরতি বিমান।