পাকিস্তানকে হারানো কঠিন: সাঙ্গাকারা
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামকে উত্সবে মাতিয়ে দেওয়ার মঞ্চ প্রস্তুতই ছিল কুমার সাঙ্গাকারা ও তাঁর দলের। জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যমাত্রাও কঠিন ছিল না শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের জন্য। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেটে দেশের মাটিতে প্রথম পরাজয়টি ললাটে লিখতেই হলো লঙ্কান সিংহদের। পাকিস্তানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১১ রানের পরাজয়ের পর অধিনায়ক সাঙ্গাকারার অনুধাবন, পাকিস্তান দলকে হারানো আসলেই খুব কঠিন একটা ব্যাপার।‘সত্যিই পাকিস্তান কঠিন একটি দল। নিজেদের সামর্থ্য নিয়ে পাকিস্তানি খেলোয়াড়েরা দারুণ গর্বিত।’ সাঙ্গাকারার মন্তব্য।পাকিস্তানকে কঠিন দল বলেছেন সাঙ্গাকারা। সেই সঙ্গে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, সুন্দর ক্রিকেটের জন্য। ‘সত্যিই গতকাল সন্ধ্যায় প্রেমাদাসায় দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান।’পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ডটাও খুব একটা ভালো না। সাঙ্গাকারা বুঝতে পারেন না কেন পাকিস্তানের সামনে পড়লে শ্রীলঙ্কানরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ‘আমরা গতকাল এই ব্যাপারটির ব্যত্যয় ঘটাতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না। ম্যাচটিতে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। নির্দিষ্ট সেই মুহূর্তগুলোতে আমরা পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত ম্যাচটিতে হারতে হয়েছে।’ বলেছেন সাঙ্গাকারা।সাঙ্গাকারা ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে শোয়েব আখতারের বলে দিলশান ও জয়াবর্ধনের আউট দুটোকেই অভিহিত করেছেন। চামারা সিলভার ব্যাটিংয়ের প্রশংসা করলেও উইকেটে স্থির হতে তিনি সময় নেওয়ায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জয়ের খুব কাছে এসেও ম্যাচটি হেরেছে বলে উল্লেখ করেছেন সাঙ্গাকারা। ওয়েবসাইট।