পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিশ্চিত বাংলাদেশের
ধানমন্ডি উডেনফ্লোর জুড়ে শুধুই উল্লাস। সঙ্গে চলছে ক্ষণগণনা। চার...তিন...দুই...এক। স্কোর বোর্ডে তাকিয়ে শেষ কয়েক সেকেন্ডের অপেক্ষায় বাংলাদেশ বাস্কেটবল দল। খেলা শেষ হতেই সবাই পরস্পরকে জড়িয়ে ধরলেন। শেষ হলো অপেক্ষার। বাস্কেটবলে যে এর আগে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ! অবশেষে অধরা সেই জয়টি এল। কাল দক্ষিণ এশীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৭৭-৬৮ পয়েন্টে হারাল লাল-সবুজ দল। এই জয়ে টুর্নামেন্টের শিরোপাও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দুর্বল মালদ্বীপ। আর পাকিস্তান খেলবে ভুটানের সঙ্গে। আজ পাকিস্তান যদি জেতে আর বাংলাদেশ হেরেও যায়, তার পরও মুখোমুখি জয়ে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা আসেনি। পাঁচ দলের এই টুর্নামেন্টে তাই ফেবারিট মানা হচ্ছিল পাকিস্তানকেই। অভিজ্ঞতা আর উচ্চতায় এগিয়ে ছিল পাকিস্তানই। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। বিশেষত নৌবাহিনীর খেলোয়াড় মিথুন বিশ্বাসের থ্রি-পয়েন্টারের কাছেই হেরেছে পাকিস্তান। পাবনার তরুণ খেলেন গ্রেগরিয়াসের হয়ে। কাল দুর্দান্ত সব থ্রি-পয়েন্ট মেরে সর্বোচ্চ ৩১ পয়েন্ট করেন। ১০ মিনিট করে চার অর্ধে হয় খেলা। প্রথম কোয়ার্টারে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল পাকিস্তানই। এর পর থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের দুই অর্ধে বাংলাদেশ এগিয়ে থাকে ৩৬-২৯ ও ৫৫-৫৩ পয়েন্টে। এরপর ইতিহাসই গড়ে ফেলে। ১৬ বছরের ক্যারিয়ারে অধিনায়ক রাশেদুজ্জামান কালই প্রথমবারের মতো খেললেন পাকিস্তানের বিপক্ষে। জয়ের পর বললেন, ‘অতীত ইতিহাসের কারণে পাকিস্তানকে হারানোর একটা বাড়তি প্রতিজ্ঞা ছিল সবার মনে।’ পাকিস্তান দলের অধিনায়ক প্রেম শাহজাদ ও ম্যানেজার কর্নেল বাট দুজনই হারের জন্য বাজে রেফারিংকে দায়ী করেন।এর আগে দিনের অন্য ম্যাচে নেপাল ৯৪-৪২ পয়েন্টে হারায় ভুটানকে।