
শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে সর্বশেষ তিন ম্যাচে করেছিলেন ৬, ৫ ও ৮ রান। এ জন্য সমালোচনার হুল ফুটছিল মোহাম্মদ হাফিজের গায়ে। শুধু ওই তিন ম্যাচ কেন, আরও তিন ম্যাচ পেছনে গেলেও তাঁর নামের পাশে বড় ইনিংস নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ২৮, ২৬, ১৫ রান। দলের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে এই সমালোচনা সহ্য করাটা দুষ্কর হয়ে পড়ছিল হাফিজের জন্য। আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন করে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেন। এবং চেষ্টাটা এমনই ফলবতী যে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন, তৃতীয় ম্যাচেও তা-ই। পরশু তৃতীয় ম্যাচে তো করলেন ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৪০ রান। এই সিরিজের আগের সর্বশেষ ৬ ম্যাচে সব মিলিয়ে তাঁর রান যেখানে ছিল ৮৮, এখানে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচেই তাঁর রান ২৯৪! গড় ১৪৭!
হাফিজের এমন উদ্ভাসিত পারফরম্যান্সই বলতে গেলে পাল্টে দিয়েছে পাকিস্তানকে। ব্যাটিংই যে দলের বড় সমস্যা, সেই পাকিস্তান গত তিন ম্যাচে তুলেছে—৩২২, ২৮৪ ও ৩২৬। হাফিজের মতো পাকিস্তানও গেছে বদলে!
শারজায় পরশু ১১৩ রানের বড় জয়ের নায়ক হাফিজ অবশ্য একবার ‘জীবন’ পেয়েছেন। পাকিস্তান ইনিংসের ১৮তম ওভারে লাসিথ মালিঙ্গা তাঁর ক্যাচ মিস করেন লং অনে। তখন তাঁর রান ছিল ২৬। এরপর আর কোনো ভুল করেননি ম্যান অব দ্য ম্যাচ হাফিজ। উইকেটে আসার পর প্রথম ৩৬ বলে চার মেরেছিলেন একটি। দলের প্রয়োজনে পরে হাত খুলেছেন। শেষ ১০ ওভারে পাকিস্তান যে ১০৫ রান তুলল, সেটি তাঁর সৌজন্যেই। ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস মেনেই নিলেন হাফিজই ব্যবধান গড়ে দিয়েছেন ম্যাচের, ‘পরশু তার ওই ক্যাচ না নিতে পারাটা ছিল গুরুত্বপূর্ণ। এরপর হাফিজ বড় ইনিংস খেলল। আমরাই তা খেলার সুযোগ করে দিয়েছি।’
হাফিজ রানে ফেরায় খুশি পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। অবশ্য বেশি খুশি তিনি পরীক্ষিত বোলার উমর গুলকে ফিরে পাওয়ায়, ‘ইনিংসের শেষ ওভারগুলোয় তার অভাব অনুভব করছিলাম আমরা। সে ফিরে আসায় আমাদের বোলিং আরও শক্তিশালী হয়েছে।
সিরিজের চতুর্থ ওয়ানডে আগামীকাল, আবুধাবিতে। এএফপি।