পাকিস্তানি ক্রিকেটারদের প্রধান লক্ষ্য টাকা-নারী-খাবার: মাজেদ
পাকিস্তানি ক্রিকেটাররা জুয়াড়িদের হয়ে খেলছেন—এই তথ্য প্রকাশ পাওয়ার পর এবার ক্রিকেটের প্রতি তাদের নিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলেছেন জুয়াড়ি মাজহার মাজেদ। বেশির ভাগ পাকিস্তানি ক্রিকেটারেরই লক্ষ্য কেবল টাকা-নারী-খাবারের দিকে বলে দাবি করেছেন মাজেদ।যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদপত্র ‘নিউজ অব দি ওয়ার্ল্ডর’ প্রকাশিত ভিডিও টেপে মাজেদকে এই অভিযোগ করতে শোনা যায়। তিনি বলেছেন, ‘আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু পাকিস্তানে খুব কম ক্রিকেটারই আছেন, যাঁরা সত্যিকারের ভালোবাসা থেকে খেলাটা খেলেন। বেশির ভাগ ক্রিকেটারেরই লক্ষ্য শুধু টাকা, নারী আর খাবারদাবারের দিকে।’পাকিস্তানি ক্রিকেটাররা ম্যাচপাতানোর সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে বল টেম্পারিংও করতেন বলে জানিয়েছেন মাজেদ। পাকিস্তানি ক্রিকেটারদের বল টেম্পারিংয়ে নিজের ভূমিকার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘আমি খেলোয়াড়দের পানি দেওয়ার জন্য মাঠে যেতাম। যখনই তাঁরা কোনো উইকেট পেতেন না, তখন আমি হাতে অনেক ভ্যাসলিন মেখে তাদের সঙ্গে হাত মেলাতাম। তাঁরা ভ্যাসলিনটা বলের একপার্শ্বে মেখে নিতেন। এতে বোলাররা বল করতে গিয়ে ব্যাপক ইন-সুইং পেত।’এদিকে মোহম্মদ আমিরের পরামর্শদাতা ও কোচ আসিফ বাওজা ম্যাচপাতানোর সঙ্গে আমিরের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়া ও এপি