লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের ক্রিকেটারদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ গতকাল শুক্রবার ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) কাছে হস্তান্তর করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, সিপিএস এখন এসব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেটারদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। পুলিশের একজন মুখমাত্র গতকাল বলেন, ‘মেট্রোপলিটন পুলিশ সার্ভিস আজ স্পট ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রমাণ সিপিএসের কাছে হস্তান্তর করেছে। মামলা দায়ের এখন তাদের বিবেচনার বিষয়। এটা প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য। তদন্ত আরও চলবে।’ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস করার পর ঘটনার কেন্দ্রীয় চরিত্রে থাকা বাজিকর মাজহার মাজিদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শর্তসাপেক্ষে তাঁকে জামিনে ছেড়ে দেয় ব্রিটিশ পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চার ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও ওয়াহাব রিয়াজকেও জিজ্ঞাসাবাদ করে স্কটল্যান্ড ইয়ার্ড। অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে প্রথম তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইসিসি।—পিটিআই