পাকিস্তানি ক্রিকেটারদের সতর্ক করলেন সাবেকরা
মিরপুরে ভারত-পাকিস্তান মহারণ কাল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই মানেই মাঠে উত্তাপ। দুই দলের ক্রিকেটারদের মুখোমুখি অবস্থান। তবে মাঠে যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, এর জন্য আগেভাগেই নিজ দলের ক্রিকেটারদের সতর্ক করলেন পাকিস্তানের ক্রিকেটাররা।‘যখনই পাকিস্তান ও ভারত একে অপরের বিপক্ষে খেলে, সবার মধ্যেই তখন উত্তেজনার বারুদ জ্বলতে থাকে। স্বাভাবিকভাবে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তের দুই পাশের লোকজনের মধ্যেও। তবে ম্যাচ চলার সময় নিজেদের আচরণ সম্পর্কে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি আমি’—পিটিআইকে বলেছেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে ক্রিকেটারদের ‘আচরণ ও শারীরিক ভাষা’ দুই দেশের সম্পর্ক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে মিয়াঁদাদ বলেন, অবশ্য বড় একটা লড়াই হতে যাচ্ছে। বিশ্বকাপ সেমিফাইনালের পর প্রথম ম্যাচ বলে দুই দলই জিততে চাইবে। তবে আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।রশিদ লতিফ মনে করেন, পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সিরিজ ফিরিয়ে আনতে এ ম্যাচ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, সব উত্তেজনা ও লড়াই যেন মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকে। এটা যেন কোনোভাবেই সীমানার বাইরে বেরিয়ে না আসে।’নিজের সময়ের উদাহরণ টেনে পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ আমার কাছে ছিল বিশেষ কিছু। কিন্তু মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল খুবই ভালো। আশা করছি, এখনও তা-ই থাকবে। ভবিষ্যতেও একই থাকবে। উত্তেজনা সীমানার বাইরে ছড়িয়ে দেওয়া যাবে না। মাঠে ক্রিকেটারদের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।’