পাকিস্তানি ক্রিকেটারদের সমস্যা মানসিকতায়: শোয়েব
পাকিস্তানি ক্রিকেটাররা মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত! অন্তত, শোয়েব আকতারের ধারণা তেমনটাই। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণেই খেলোয়াড়েরা মাঠে নেমে ভালো করতে পারেন না। খেলোয়াড়দের মন থেকে এই বিপর্যস্ত-ভাব, যাবতীয় ভয় দূর করার মূল দায়িত্ব কোচের। কিন্তু, কোচ সেই কাজটি করতে পুরোপুরি ব্যর্থ বলে মনে করেন শোয়েব।পাকিস্তানের কোচ মানে ডেভ হোয়াটমোর। যিনি ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের মতো নবীন ক্রিকেট খেলিয়ে দেশের খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন জেতার আত্মবিশ্বাস। বর্তমানে পাকিস্তানের কোচ সেই হোয়াটমোরই আক্রমণের লক্ষ্যবস্তু শোয়েবের কাছে।‘এক্সপ্রেস ট্রিবিউন’ নামের একটি পাকিস্তানি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার জন্য শোয়েব দায়ী করছেন এই হোয়াটমোরকেই। তিনি মনে করেন, পাকিস্তানি খেলোয়াড়দের মনের মধ্যে যে ভয়, যে আত্মবিশ্বাসের অভাব, তা দূর করার দায়িত্ব কোচেরই। কিন্তু কোচ তা করতে ব্যর্থ হয়েছেন।বরাবরই পাকিস্তানি ক্রিকেট ব্যবস্থাপনার কট্টর সমালোচক শোয়েব এ-ও বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের ক্রিকেট পার করছে ইতিহাসের অন্ধকারতম অধ্যায়।’ এই অন্ধকারে যে চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানি ক্রিকেটকে আলোর পথ দেখাতে পারত, সেই চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না শোয়েব। তিনি পিসিবিকে পরামর্শ দিয়েছেন খারাপ সময় থেকে উত্তরণে দক্ষিণ আফ্রিকার পথ অনুসরণ করতে। বর্ণবাদের কারণে ২১ বছর একঘরে হয়ে থাকার পরও প্রোটিয়া ক্রিকেট কীভাবে দুর্দান্ত শক্তি নিয়ে ফিরে এসেছে, সেই উদাহরণ পাকিস্তানি ক্রিকেটের জন্য অনুকরণীয় হতে পারে বলে ধারণা সাবেক এই গতিতারকার।সর্বশেষ ১২টি একদিনের ম্যাচের সাতটিতেই পুরো ৫০ ওভার খেলতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। বিষয়টিকে ‘হতাশাজনক’ মনে করেন শোয়েব। তবে তিনি পাশে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের। ধীরগতির ব্যাটিং ও রক্ষণাত্মক অধিনায়কত্বের জন্য সমালোচিত মিসবাহর প্রতি সহানুভূতিই রয়েছে তাঁর। তিনি মনে করেন, যেখানে কেউই ঠিকঠাক নিজের দায়িত্ব পালন করতে পারছে না, সেখানে শুধু শুধু মিসবাহকে একা বলির পাঁঠা বানিয়ে কোনো লাভ নেই।মিসবাহর অধিনায়কত্বও দলের সার্বিক অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন শোয়েব। তিনি বলেন, মিসবাহকে দলের সার্বিক পারফরম্যান্স বিচার করেই এ ধরনের অধিনায়কত্ব করতে হচ্ছে। রক্ষণাত্মক ব্যাপারটি তখনই আসবে, দল যখন মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকবে।পাকিস্তানের দুর্বল ব্যাটিংয়ের জন্য তৃণমূল পর্যায়ের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন শোয়েব। তিনি বলেন, ‘পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে অনেক গ্রেট ক্রিকেটারের জন্ম দিয়েছে। কিন্তু, এই গ্রেটরা ছোটদের ক্রিকেট শেখাতে তৃণমূল পর্যায়ে নিজেদের মেধাকে ছড়িয়ে দেন না কখনোই। এই গ্রেটরা যদি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষণের ভার গ্রহণ করতেন, তাহলে আমাদের দলের ব্যাটিংয়ে প্রায়োগিক ক্ষমতার অভাবটা ঘুচে যেত।’কোচ হিসেবে হোয়াটমোরের চেয়ে টম মুডিকেই যে তাঁর বেশি পছন্দ, সে কথাও লুকাননি শোয়েব। দলে থাকার সময়ই যিনি কথা বলতে খুব একটা আগপিছ ভাবতেন না, অবসরজীবনে তাঁর জিবের ধার যে আরও বাড়বে—এতে আর বিস্ময়ের কী!