পাকিস্তানি ক্রিকেটাররা ম্যাচ পাতিয়েছিলেন!
অস্ট্রেলিয়া সফরে ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার—এই রায় দিয়েছেন দেশটির ক্রীড়াবিষয়ক সিনেট কমিটির সদস্যরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে দলের বাজে পারফরম্যান্সের কারণ তদন্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি কমিটি করেছিল। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পর ক্রীড়াবিষয়ক সংসদীয় উপকমিটির সদস্য হারুন আখতার বলছেন, ‘সফর (অস্ট্রেলিয়া) সম্পর্কে জানানো হয়েছে সাবকমিটিকে। যে মৌখিক ও ভিডিও তথ্যপ্রমাণাদি আছে, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় এক বা একাধিক খেলোয়াড় ম্যাচ পাতানোয় জড়িত ছিল।’ওই সফরের পর পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাচ পাতানোয় জড়িত থাকার কথা বলেছিলেন। এ নিয়ে সে দেশের ক্রিকেট মহলে শোরগোল শুরু হলে অবস্থান থেকে সরে যান বাট। পরে জানান, বর্তমান দলের ক্রিকেটারদের নয়, তিনি সাবেক ক্রিকেটারদের ম্যাচ পাতানোর কথা বলেছিলেন।তবে অস্ট্রেলিয়া সফরে একটা কিছু যে হয়েছিল, ৭ ক্রিকেটারের বিপক্ষে বোর্ডের শাস্তিমূলক পদক্ষেপেই তা বোঝা গেছে। ইউসুফ-ইউনুসকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা ছাড়াও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে শোয়েব মালিক ও রানা নাভেদকে। মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে আফ্রিদি এবং আকমল সহোদর কামরান ও উমরকে।যে রিপোর্টের ভিত্তিতে ক্রিকেটারদের এই শাস্তি, সেটা প্রকাশ করেনি বলে কিছুদিন আগে পিসিবির কড়া সমালোচনা করেছিলেন হারুন আখতার। তবে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হারুনের মুখে বোর্ডের প্রশংসা, ‘বোর্ড বিষয়টি তদন্ত করে দারুণ কাজ করেছে। কৃতিত্বটা অবশ্যই প্রাপ্য তাদের।’ অস্ট্রেলিয়ায় কোন কোন ক্রিকেটার ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে উপকমিটি। তিন সদস্যের কমিটির প্রধান তাহির মাশাদির যুক্তি, ‘পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাচ পাতানোয় জড়িতদের নাম প্রকাশ করাটা ঠিক নয়।’ ওয়েবসাইট।