পাকিস্তানি খেলোয়াড়দের অসততার কথা ফাঁস করেছে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটাররা আবার জড়িয়ে পড়েছেন ক্রিকেট-জুয়ায়। চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের দুই বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ ইনিংসের প্রথম, তৃতীয় ও দশম ওভারে তিনটি নো বল করেন। প্রাথমিকভাবে এই তিন নো বলকে নিতান্তই ‘খেলার অংশ’ বলে মনে হলেও আজ রোববার যুক্তরাজ্যের বহুল প্রচারিত ট্যাবলয়েড ‘নিউজ অব দি ওয়ার্ল্ড’ পত্রিকা তাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে, আমির-আসিফের সেই তিনটি নো বল ছিল ক্রিকেট জুয়ার অংশ। পাকিস্তানি এই প্রধান দুই বোলার টেস্ট ম্যাচের একটি বিশেষ অংশ পাতানোর ব্যাপারে জড়িত ছিলেন। ‘নিউজ অব দি ওয়ার্ল্ডের’ এই প্রতিবেদনের ফলে পাকিস্তানি খেলোয়াড়দের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া এক ব্যক্তিকে আজ আটক করেছে যুক্তরাজ্যের পুলিশ। আলোচ্য প্রতিবেদনে আরও উঠে এসেছে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের নাম। এ ঘটনায় জড়িত রয়েছেন অধিনায়ক সালমান বাট, উইকেট রক্ষক কামরান আকমল, বোলার মোহাম্মদ আমির, বোলার মোহাম্মদ আসিফসহ আরও কয়েকজন ক্রিকেটার।‘নিউজ অব দি ওয়ার্ল্ডের’ প্রতিবেদক সম্প্রতি একজন ব্যবসায়ী সেজে সেই ক্রিকেট জুয়ার মধ্যস্থতাকারী ব্যক্তির সঙ্গে দেখা করেন। সেই ব্যক্তির নাম মাজহার মজিদ। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তাঁর অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। এবং লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডের ইনিংসের প্রথম, তৃতীয় ও দশম ওভারে নো বল করবেন আমির ও আসিফ। পরে শুক্রবার ইংল্যান্ডের ইনিংসের ঠিক ওই সময়গুলোতেই আমির ও আসিফ নো বল করলে সেই মাজহার মজিদের কথার সত্যতা পাওয়া যায়। মাজহার বলেন, ম্যাচের এই মুহূর্তটি পাতানোর জন্য পাকিস্তানি খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। এবং পুরো ঘটনায় ‘রিং লিডার’ বা নেতা হিসেবে জড়িত রয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান বাট।নিচে ‘নিউজ অব দি ওয়ার্ল্ডের’ জুয়াড়ি ছদ্মবেশী প্রতিবেদকের সঙ্গে সেই জুয়াড়ি মাজহার মজিদের কথোপকথনের কিছু মূল অংশ তুলে ধরা হলো:ছদ্মবেশী প্রতিবেদক: জুয়ায় যে দলটা অংশ নিচ্ছে, তাদের দুই-তিনজন খেলোয়াড়কে হাত করতে পারলেই তো হয়...মাজহার: দুই-তিনজন...? আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, পাকিস্তানের কমপক্ষে ১০ জন খেলোয়াড়কে আমরা হাত করে ফেলেছি। আমি যে আপনাদের ব্যাপারটি কেন বলছি...বুঝতে পারছি না (হাসি)...। আপনাদের তো আমি চিনি না। যা হোক, আমি কেবল কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। নিশ্চিত করেছি, কাজটা হচ্ছে। এখন পাকিস্তান দলে কে সেটা বাস্তবায়ন করবে, এটা তাদের ব্যাপার।ছদ্মবেশী প্রতিবেদক: দেখুন... আমরা কয়েকজন ম্যাচ নিয়ে বাজি ধরতে চাই। কিন্তু ব্যাপারটি ঠিক ধরতে পারছি না।মাজহার: ঠিক আছে, আমি আপনাকে আমি বলছি।ছদ্মবেশী প্রতিবেদক: লর্ডসের চতুর্থ টেস্ট নিয়ে আমরা বাজি ধরতে চাই। এ ব্যাপারে আপনার কাছে কিছু সাহায্য চাচ্ছি। অবশ্যই অর্থের বিনিময়ে। আমরা আপনাকে টাকা দেব।এ সময় মাজহার কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, আপনাদের আমি কীভাবে বিশ্বাস করব? যদি আমার কথাবার্তা আপনারা টেপ রেকর্ডারে ধারণ করে কোনো প্রকার ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন!মাজহার সেদিন নিউজ অব দি ওয়ার্ল্ডের ছদ্মবেশী প্রতিবেদককে আর কিছু বলেননি। তিনি দুই দিন পর লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত বোম্বে ব্রেসিয়ার রেস্তোরাঁয় প্রতিবেদককে আসতে বলেন। প্রতিবেদক জানান দুই দিন পর সেই রেস্তোরাঁয় যাওয়ার পর মাজহার তাঁকে জানান, যে এখন ক্রিকেট-জুয়ার কথা বলতে তাঁর কোনো আপত্তি নেই। তিনি নির্ভরযোগ্য একটি উত্স থেকে নাকি প্রতিবেদকের ‘বিশ্বাসযোগ্যতা’ সম্পর্কে নিশ্চিত হয়েছেন।এর পরই মাজহার বলে যেতে থাকেন লর্ডস টেস্ট পাতানোর অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর সেই কাহিনি।মাজহার: লর্ডস টেস্টে এরই মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। অর্থের পরিমাণটা দেড় লাখ পাউন্ডের কম নয়।ছদ্মবেশী প্রতিবেদক: বিনিয়োগ হয়ে গেছে? কিন্তু ওরা তো (পাকিস্তানি ক্রিকেটাররা) ম্যাচ ফিক্সিং নিয়ে কোনো কথাই বলতে চায় না।মাজহার: হ্যাঁ। ম্যাচপাতানো এখন অনেক কঠিন হয়ে গেছে। খেলোয়াড়েরা সবার সঙ্গে কথা বলে না। তবে পাকিস্তানি খেলোয়াড়েরা আমাকে বিশ্বাস করে এবং এ ব্যাপারে আমিই তাদের সঙ্গে কথা বলি। আড়াই বছর ধরে আমি এই ব্যাপারটি করে আসছি। প্রচুর বিনিয়োগ হয়েছে এই দলটিকে নিয়ে।এর পরই মাজহার গর্ব করে বলেন, পাকিস্তানি খেলোয়াড়েরা তাঁর সঙ্গে ছাড়া আর কারও সঙ্গে এ ব্যাপারে কথা বলবে না। আমি তাদের বিশ্বাস অর্জন করেছি। আমি চার-পাঁচ বছর ধরেই পাকিস্তানি খেলোয়াড়দের দিয়ে ম্যাচ পাতাই। তিনি আরও বলেন, ক্রিকেটে কেবল ১০ ওভারের মধ্যেই অনেক ধরনের বাজি ধরা হয়। যেমন: যদি কোনো খেলোয়াড় ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারে দুর্দান্ত ব্যাট করে, তাহলে জুয়াড়িরা বাজি ধরে যে সেই ব্যাটসম্যানটি বাকি ১০ ওভারে আউট হয়ে যাবে অথবা সে আরও রান করবে। একই ধরনের বাজি হয় বোলারদের নিয়ে ১০ ওভারে একজন বোলার কয়টি উইকেট নেবে বা কয়টি ওয়াইড, নো বল করবে তার ওপর।মাজহার এরপর বলেন, লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে তিনটি নো বল হবে (প্রথম, সপ্তম ও দশম ওভারে)। ব্যাপারটি নিয়ে পাকিস্তানের অধিনায়ক সালমান বাটসহ অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি জানান।