পাকিস্তানি ব্যাটিংকে দুষতে 'বাংলাদেশ'
খোঁচাটা আসলে কাকে দিলেন শোয়েব আখতার? তাঁর নিজের দেশের ব্যাটসম্যানদের, নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদের?
এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার কাছে ৩-১-এ সিরিজ হেরে গেছে পাকিস্তান। ব্যর্থতার দায় যে দলের ব্যাটসম্যানদের সেটা আগেই মেনে নিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। কাল সেই একই কথা বললেন শোয়েবও। তবে নিজের দেশের ব্যাটসম্যানদের ধুয়ে দিতে গিয়ে একেবারে অপ্রাসঙ্গিকভাবেই সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার টেনে এনেছেন বাংলাদেশের প্রসঙ্গ, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা এই সিরিজ খেলত তারাও ৫-০ ব্যবধানে জিতত। দক্ষিণ আফ্রিকা সিরিজ জেতেনি, আমাদের মেরুদণ্ডহীন ব্যাটিং ওদের সিরিজ উপহার দিয়েছে।’
তুলনা করতে গিয়ে আসলে পরোক্ষভাবে বাংলাদেশকে ক্রিকেটের ‘খর্বশক্তি’ই বললেন শোয়েব। সেটা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। এটুকু বাদ দিলে একসময় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলারের পুরো ঝাঁজটাই পাকিস্তান দলের ওপর, ‘আমরা এমন একটা পিচে হেরেছি যেটা আমাদের ব্যাটিংয়ের জন্য আদর্শ। কিন্তু আমাদের দলটাকে মনে হয়েছে লক্ষ্যহীন।’
ব্যাটসম্যানদের পাশাপাশি ব্যর্থতার দায় বর্তাচ্ছে পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরের কাঁধেও। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, হোয়াটমোরকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নাজাম শেঠি। শুধু তা-ই নয়, দায়িত্ব হারাতে পারেন হোয়াটমোরের সহকারীরাও। পরশু সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পর আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আভাস দিয়েছেন শেঠি, ‘১০-১৫ দিনের মধ্যেই কোচিং স্টাফদের ভাগ্য নির্ধারিত হবে।’ গুঞ্জন আছে, হোয়াটমোরকে সরিয়ে আবারও সাবেক পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসকে দায়িত্ব দেওয়া হতে পারে।
আগামী বছরের শুরুতেই পিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে হোয়াটমোরের। তিনি যদি থাকতে চান সে ক্ষেত্রে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে তাঁকে জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব দিতে চায় পিসিবি। ওয়েবসাইট।