পাকিস্তানি হকি খেলোয়াড় আনা যাবে তো এবার?
বাংলাদেশের ঘরোয়া হকিতে পাকিস্তানি খেলোয়াড়দের দুয়ার অবারিত। প্রতি মৌসুমেই আবাহনী, মোহামেডান, ঊষাসহ অন্য ক্লাবে খেলতে আসেন এক ঝাঁক পাকিস্তানি খেলোয়াড়। আগামী ৭ জানুয়ারি শুরু হবে ক্লাব কাপ। এটি সামনে রেখে বিদেশি খেলোয়াড় আনতে বেশ বিপাকে ক্লাবগুলো।
এই টুর্নামেন্টে ও লিগে খেলতে পাকিস্তানি অনেক খেলোয়াড় ঢাকায় আসতে অনাগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। ক্লাবগুলোও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারতীয়দের চেয়ে পাকিস্তানি খেলোয়াড়েরা সহজেই ভিসা পান, এনওসি (অনাপত্তিপত্র), অফিস ছাড়পত্র, ফেডারেশনের ছাড়পত্র মেলে তুলনামূলক কম ঝামেলায়। তাই পাকিস্তানিদের দিকেই বেশি তাকিয়ে থাকেন হকি কর্মকর্তারা। কিন্তু এবার বিকল্প হিসেবে ভারতের খেলোয়াড়দের দিকেই ঝুঁকতে হচ্ছে ক্লাবগুলোকে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের সংসদ এ ঘটনার নিন্দা প্রস্তাব পাস করেছে। সেটিরই প্রতিক্রিয়ায় বাংলাদেশে উঠেছে প্রতিবাদের ঝড়। ফেসবুক-টুইটারে চলছে পাকিস্তানি পণ্য বর্জনের আহ্বান। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন হকিতেও ভালোই লেগেছে।
ঊষা ক্রীড়া চক্রের হকি কর্মকর্তা রফিকুল ইসলাম (কামাল) সমস্যাটা তুলে ধরলেন কাল, ‘আমরা পাকিস্তান থেকে একজন কোচ ও কয়েকজন খেলোয়াড় আনতে চেয়েছিলাম। এরই মধ্যে পাকিস্তানি কোচ রানা জহিরকে সে দায়িত্বও দেওয়া হয়েছে। কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং পাকিস্তান ইস্যুর কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। আপাতত আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি।’ শেষ পর্যন্ত যদি পাকিস্তানি খেলোয়াড় আনা না যায়? বিকল্প হিসেবে ভারতীয়রাই ভরসা। কামাল বলছিলেন, ‘আমরা শুধু পাকিস্তানিদের বিবেচনায় রাখছি না। কিছু ভারতীয় খেলোয়াড়ও আছে।’
একই অবস্থা সদ্য বিজয় দিবস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আবাহনীরও। বর্তমান প্রেক্ষাপটে বুঝে-শুনে পা ফেলতে চান আবাহনীর কোচ মাহবুব হারুন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কথা প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ওদের ঢাকায় আনার সাহস পাচ্ছি না।’ ঊষার মতো আবাহনীও ভারতের দিকে ঝুঁকছে। যদিও এই মুহূর্তে ভারতের শীর্ষ খেলোয়াড়দের বেশির ভাগই জার্মানিসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলায় ব্যস্ত। তার পরও আবাহনীতে এর আগে খেলে যাওয়া ধনরাজ পিল্লাইয়ের মাধ্যমে ভালো মানের ভারতীয় খেলোয়াড় আনতে চায় আবাহনী।
কিন্তু ক্লাবের চোখ তো আসলে পাকিস্তানি খেলোয়াড়ের ওপর। পাকিস্তানি খেলোয়াড় আনলে নিরাপত্তা কে দেবে? ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর উত্তর, ‘ক্লাবগুলো ফেডারেশনের কাছে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা চাইলে আমরা তা দেওয়ার চেষ্টা করব।’
ফেডারেশনের সদিচ্ছা আছে, তবে বাস্তবতা যে ভিন্ন!