পাকিস্তানিদের এ কী আচরণ!

আনন্দের অাতিশয্যেই কি না, খেলার মাঠে অসভ্য আচরণ করে বসলেন পাকিস্তানি হকি খেলোয়াড়েরা। শনিবার ভারতের ভুবনেশ্বরে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েই বেসামাল হয়ে পড়লেন তাঁরা। জার্সি-টার্সি খুলে মাঠেই শুরু করে দিলেন উদ্দাম নৃত্য। এ পর্যন্তও না হয় মেনে নেওয়া যায়। কিন্তু এরপর দর্শক গ্যালারির দিকে অশ্লীল ইঙ্গিত ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেই ক্ষোভের আগুন ছড়িয়ে দিয়েছেন ভারতের সর্বত্র।
এমনিতে ম্যাচে হার, তার ওপর ‘চিরশত্রু’ পাকিস্তানি খেলোয়াড়দের এই আচরণ, পুরো ব্যাপারটিই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারতীয় হকি ফেডারেশন। পাকিস্তানি হকি খেলোয়াড়েরা কেবল দর্শক গ্যালারিই নয়, প্রেসবক্সের দিকেও অশ্লীল ইঙ্গিত করেছেন বলে অভিযোগ ভারতীয় হকি কর্তৃপক্ষের। পাকিস্তানিদের এই আচরণ এতটাই উসকানিমূলক ছিল, যেকোনো সময় গ্যালারিতেও দর্শক-দাঙ্গা শুরু হয়ে যেতে পারত বলে অভিযোগ ‘হকি ইন্ডিয়া’র।
ভারতীয় মিডিয়াও ক্ষুব্ধ পাকিস্তানি খেলোয়াড়দের ওপর। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই সেটা খুব ভালোই টের পেয়েছেন পাকিস্তান জাতীয় হকি দলের কোচ শাহনাজ শেখ। সাংবাদিকেরা তাঁর কাছে এ ব্যাপারে ক্ষমা প্রার্থনার দাবি জানালে শাহনাজ বলেন, ‘হকি খেলোয়াড়েরা সবাই তরুণ। উদ্দামতার গুরুত্বটা বোঝেনি। সব জায়গায় যে সবকিছু করা যায় না, সেটা ওদের মাথায় ছিল না, আমি খেলোয়াড়দের হয়ে ক্ষমা চাচ্ছি।’ সংবাদ সম্মেলনে এই নিয়ে আরও দু-এক কথা বাড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন শাহনাজ। তিনি নাকি ভারতীয় মিডিয়ার বিপক্ষে বিশ্ব হকি সংস্থার কাছে নালিশ করারও হুমকি দিয়ে এসেছেন।
নানা দিকে গড়ানোয় পানি এই মুহূর্তে যথেষ্টই ঘোলা দেখাচ্ছে। অভিযোগ পেশের পরেও বিশ্ব হকি সংস্থা এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হকি ইন্ডিয়া। তারা হকির বিশ্ব সংস্থাকে হুমকি দিয়ে দিয়েছে, পাকিস্তান আছে এমন কোনো আসর আয়োজনের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তানের সঙ্গে হকি সম্পর্ক ছিন্ন করার বিষয়েও নাকি গুরুত্বের সঙ্গে ভাবছে হকি ইন্ডিয়া। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।