বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়েরা খেলবেন কি খেলবেন না, এ নিয়ে শঙ্কা-সংশয়ের শেষ নেই। কিন্তু পিসিবির সভাপতি স্বয়ং জানিয়েছেন, বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা না-খেলা নিয়ে কোনো শর্তারোপ করা হয়নি। আজ বুধবার জার্মান বেতার ডয়েচে ভেলেকে লাহোর থেকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সঙ্গে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা কিংবা না খেলার কোনো সম্পর্ক নেই।জানুয়ারি মাসে প্রস্তাবিত পাকিস্তান সফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থগিত করার পরপরই বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার অনুমতি না দেওয়ার ব্যাপারটি সামনে নিয়ে আসে পিসিবি। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত হওয়ার পর বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে পিসিবি নৈতিকভাবে বাধ্য নয়—এমন বক্তব্যও বেরিয়ে এসেছে পিসিবির সভাপতির মুখ থেকে। তবে আজ ডয়েচে ভেলেতে দেওয়া সাক্ষাত্কারে আগের অবস্থান থেকে সরে আসারই ইঙ্গিত হয়তো দিলেন পিসিবির সভাপতি।সাক্ষাত্কারে পিসিবির সভাপতি একটা অন্যরকম তথ্যই দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জাতীয় দলকে পাকিস্তানে পাঠাতেই চেয়েছিল। কিন্তু গত বছর পাঞ্জাবের প্রাদেশিক সরকার বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোর ব্যাপারটি তাদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছে।জাকা আশরাফের মতে, পাকিস্তান সফর বাংলাদেশের ক্রিকেটের উপকারই করবে।বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানের ক্রিকেট কিংবা আসন্ন পিএসএলে কোনো বিরূপ প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে জাকা আশরাফ বলেন, ‘বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই। বরং এই সফর স্থগিত হওয়ায় বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কারণ, আমরা সব সময়ই বাংলাদেশের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছি।’পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ব্যাপারে পিসিবির সভাপতি বলেন, ‘ভারতসহ অনেক দেশই পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহী। তবে এর আগে দু-একটি সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হওয়া দরকার। সংক্ষিপ্ত সফরগুলো আসলে ব্যাপারটি নিয়ে শীতলতা কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে।’