পাকিস্তানিদের ‘না’ করে দিল ভারতীয় হকি লিগ
ভারতীয় হকি লিগে চুক্তিবদ্ধ পাকিস্তানি খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বার্তা সংস্থা পিটিআই আজ মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানি সেনা কর্তৃক সীমান্তে দুই ভারতীয় সেনাকে হত্যার ঘটনায় চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নয়জন পাকিস্তানি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ চারজন মুম্বাইভিত্তিক দল ‘মুম্বাই ম্যাজিসিয়ানস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ। এই চারজনের আজই রাতে পাকিস্তানের উদ্দেশে উড়ে যাওয়ার কথা। পাকিস্তানি খেলোয়াড়দের ভারতীয় হকি লিগে খেলার প্রতিবাদ জানিয়ে গত রোববার মুম্বাইয়ে বিক্ষোভ করে ভারতের উগ্রপন্থী ধর্মীয় সংগঠন শিবসেনা। এ ঘটনায় মুম্বাই দলের খেলোয়াড়দের অনুশীলন দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। হকি ইন্ডিয়ার একজন শীর্ষ কর্মকর্তা আজ পিটিআইকে বলেন, নিরাপদে খেলা চালিয়ে নিতে এখন চুক্তিবদ্ধ সব পাকিস্তানি খেলোয়াড়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়ার গভর্নিং কাউন্সিল।হকি ইন্ডিয়ার কর্মকর্তা বলেন, চার পাকিস্তানি খেলোয়াড়ের চুক্তি বহাল থাকবে। কোনো ম্যাচ খেলতে না পারলেও চুক্তি অনুযায়ী তাঁদের পুরো পাওনা পরিশোধ করা হবে।’ অবশিষ্ট পাঁচ পাকিস্তানি খেলোয়াড়ের ভাগ্য সম্পর্কে তিনি বলেন, ‘পরিস্থিতির ওপর ভিত্তি করে অবশিষ্ট পাকিস্তানি খেলোয়াড়ের ব্যাপারেও সিদ্ধান্ত নেব আমরা। যদি মনে হয় সমস্যা হতে পারে, সে অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থাই নেব।’