পাকিস্তানিরা থাকছে না ঢাকা লিগে
২৬ ডিসেম্বর শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের টি-টোয়েন্টি লিগ। এরপর জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে লিগের ওয়ানডে আসরও। এই লিগের জন্য অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কথা চূড়ান্ত করে ফেলেছে ক্লাবগুলো, যার মধ্যে পাকিস্তানিদের সংখ্যাই বেশি। কিন্তু প্রিমিয়ার লিগে ঢাকার ক্লাবগুলো আদৌ পাকিস্তানের ক্রিকেটার পাবে কি না, দেখা দিয়েছে সেই সংশয়।সূত্র জানিয়েছে, ঢাকা লিগে খেলার ব্যাপারে পাকিস্তানের শীর্ষ খেলোয়াড়দের ‘না’ করে দিয়েছেন ঢাকা সফররত পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। কারণটা পরিষ্কার, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট, চার ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি চায় না, ওই সময়ে কেউ অন্য কোনো ক্রিকেটে সম্পৃক্ত হোক বা অন্য কোনো ক্রিকেট খেলে ক্লান্ত হোক। ইংল্যান্ড সিরিজের জন্য খেলোয়াড়দের সতেজ রাখতেই পিসিবির এই সিদ্ধান্ত।ঢাকা লিগে খেলতে এরই মধ্যে ভিক্টোরিয়া ক্লাবে সই করেছেন পাকিস্তান জাতীয় দলের শোয়েব মালিক। ভিক্টোরিয়াসহ অন্য অনেক দলের সঙ্গেই চলছে পাকিস্তানের ক্রিকেটারদের আলোচনা।