পাকিস্তানিরা ম্যাচ ফিক্সিংয়ে জড়ান যে কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্রিকেট-সংস্কৃতি আর ফিক্সিং যেন সমার্থক! কথাটা অনেকের কাছেই আপত্তিকর মনে হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ে জড়িয়ে কথাটি সার্থক করে তুলেছেন অনেক পাকিস্তানি ক্রিকেটারই।প্রশ্ন হচ্ছে, পাকিস্তানি ক্রিকেটাররা কেন ফিক্সিংয়ে জড়ান? সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, এর পেছনে দায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! বোর্ড ক্রিকেটারদের পর্যাপ্ত অর্থ দেয় না বলেই ফিক্সিংয়ের পথে পা বাড়ান ক্রিকেটাররা।‘আমাদের সংস্কৃতিতে ফিক্সিং ঘটছে কারণ, এখানে অর্থ নেই। এখানে সুযোগও অনেক কম। বোর্ড ক্রিকেটারদের পর্যাপ্ত অর্থ দেয় না। বাধ্য হয়ে ভিন্ন পথে পা বাড়ায় ক্রিকেটাররা।’ বলেছেন ৩৭ বছর বয়সী শোয়েব।নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘২০০৮ সালে একটা গাড়ি কেনার মতো অর্থও আমার ছিল না। এক বন্ধুর কাছে ধার নিয়ে তা কিনতে হয়েছিল। অর্থের এই সমস্যাটা আমি সামাল দিতে পেরেছি, অন্যরা হয়তো তা পারে না।’শোয়েব বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে অর্থ নেই। আমি তারকা খেলোয়াড় ছিলাম। অথচ ১৪ বছর খেলে মাত্র সাত-আট কোটি রূপি আয় করেছি।’ক্রিকেটের ইতিহাসে ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করা একমাত্র বোলার শোয়েব। ২০০২ ও ২০০৩ সালে দুবার ঘণ্টায় ১০০ মাইলের চেয়ে জোরে বল করার রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানি এই স্পিডস্টার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর।পিসিবির সমালোচনা করে শোয়েব বলেন, ‘বন্ধুরা আপনাকে পরিত্যাগ করবে। বোর্ডও সহায়তা করবে না। উল্টো নিচে নামানোর চেষ্টা করবে। কিছু ক্রিকেটার হয়তো দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই ব্যবস্থার কারণেই অনেকে অপরাধের পথে যেতে বাধ্য হয়।’২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেটে কলঙ্কজনক এক অধ্যায়ের জন্ম দেন পাকিস্তানি ক্রিকেটাররা। আইসিসির নিষেধাজ্ঞা তো বটেই, যুক্তরাজ্যের কারাগারে জেল পর্যন্ত খাটতে হয় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে। ফিক্সিংয়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটারদের জেল খাটার ঘটনা এটাই প্রথম। ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৬টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডেতে অংশ নেন শোয়েব। টেস্টে তাঁর শিকার ১৭৮ উইকেট, ওয়ানডেতে ২৪৭। খেলোয়াড়ি জীবনে ফিক্সিংয়ের অভিযোগ কখনোই তাঁর বিরুদ্ধে ওঠেনি। তবে তাঁর বিরুদ্ধে ড্রাগ নেওয়া ও বল টেম্পারিং করার অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।’ সূত্র: ডন।