পাকিস্তানে অথবা কোথাও নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নটি ছিল আগেও। গত কয়েক দিনে আরও উচ্চকিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘হোম সিরিজ’ শ্রীলঙ্কায় খেলার জোগাড়-যন্ত্র করে ফেলেছে পিসিবি, বাংলাদেশকে কেন নিজেদের ‘মৃত্যুকূপে’ নিয়ে যেতে এতটা উঠেপড়ে লেগেছে পাকিস্তান! যে উত্তরটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, সেটাই এখন জানা গেল আনুষ্ঠানিকভাবে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন বাণিজ্যিক দিক থেকে একেবারেই লাভজনক হবে না।২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর থেকেই ঘরের সিরিজ ভিনদেশে খেলতে হচ্ছে পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হোম সিরিজ’ খেলেছে নিউজিল্যান্ডেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ইংল্যান্ডে, ইংল্যান্ড-শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরব আমিরাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অংশটা আগস্টে হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। তথ্যসূত্র: ইএসপিএন।বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বিসিবি প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে এসেছে। বাংলাদেশ পাকিস্তানে যাবে, প্রবলভাবেই আশাবাদী ছিল পিসিবি। তবে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে সফর এখন অনেকটাই অনিশ্চিত। সুবহান আহমেদও সেটা বুঝতে পারছেন। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে যে সিরিজটা হবে না, সেটাও নিশ্চিত করে দিয়েছেন, ‘পরিস্থিতি এই মুহূর্তে খুব একটা ইতিবাচক মনে হচ্ছে না। কিন্তু ওদের সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কোনো সম্ভাবনাও নেই। সমস্যাটা হলো, বাংলাদেশের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলা আমাদের জন্য লাভজনক হবে না।’সফর নিয়ে অনিশ্চয়তা আছে। সঙ্গে যোগ হয়েছে এশিয়া কাপের ফাইনালে আইজাজ চিমার মাহমুদউল্লাহকে বাধা দেওয়া নিয়ে বিসিবির অভিযোগ। দু বোর্ডের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন যাচ্ছে বলেই অনেকের ধারণা। তবে সুবহানের দাবি সম্পর্ক আগের মতোই আছে, ‘আমার ধারণা, ওই আবেদনটা করার কোনো প্রয়োজন ছিল না। তবে এতে আমরা আহত হইনি, এটা ওদের অধিকার। আমরা সব সময়ই বলে এসেছি, এ ধরনের পরিস্থিতিতে কেবল ম্যাচ অফিশিয়ালরাই পেনাল্টি রান দিতে পারে।’