পাকিস্তানে আবারও নিরাপত্তা পর্যবেক্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাটা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। কিন্তু সভা শেষের সংবাদ সম্মেলনে বিপিএল এল শুধু পাকিস্তানি খেলোয়াড়দের বিষয়টি নিয়েই। সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই হলো বাংলাদেশ দলের পাকিস্তান সফরকেন্দ্রিক। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্যতা যাচাই করতে পাকিস্তানে আবারও নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানো হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। কড়া জবাব দিলেন পাকিস্তান সফর নিয়ে সাবেক বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের সাম্প্রতিক মন্তব্যেরও। এ ব্যাপারে বিসিবি আইসিসির ব্যাখ্যাও চাইবে বলে জানিয়েছেন তিনি।পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দিল্লি বৈঠকের পর বিসিবি সভাপতির উপলব্ধি, পাকিস্তান সফর নিয়ে বিসিবির সমস্যা বুঝতে পেরেছেন পিসিবি সভাপতিও, ‘তাঁর (জাকা আশরাফ) সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কথাবার্তায় মনে হয়েছে, উনি আমাদের সমস্যাটা বুঝতে পেরেছেন।’ দিল্লিতেই জাকা আশরাফের আতিথেয়তায় মুগ্ধ নাজমুল হাসান। তবে এই আতিথেয়তার বিনিময়েও বিসিবি সভাপতি সফরের নিশ্চয়তা দেননি, ‘কেন আমরা পাকিস্তানে যেতে পারলাম না, পরে কখন যাওয়া যেতে পারে এসব নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আমি বলেছি, মার্চের শেষের দিকে এবং এপ্রিলের প্রথম দিকে আমাদের স্লট আছে।’ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই চূড়ান্ত করা হবে সময়, ‘আমি বলেছি, আমরা আবার একটা নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাব। উনি বলেছেন, যত শিগগির সম্ভব নিরাপত্তা দল পাঠাতে। আমি বলেছি, দেশে ফিরে বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে দল পাঠাব।’ সভাটা হতে পারে আজকালের মধ্যেই।পাকিস্তান সফর নিয়ে বিতর্ক আসন্ন বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলার পথে বাধা হবে না বলে মনে করেন বিসিবি সভাপতি। কিন্তু দিল্লি বৈঠকের পর পাকিস্তানে ফিরে পিসিবি প্রধান বলেছেন, বাংলাদেশ দল পাকিস্তান সফরে না গেলে তাঁরাও বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেবেন না। নাজমুলের বিশ্বাস এতেও টলেনি, ‘ওখানে কথাবার্তায় মনে হয়নি বিপিএলে পাকিস্তানি খেলোয়াড় আসবে না। আমি এখনো বিশ্বাস করি, আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অবশ্যই পাকিস্তানি খেলোয়াড়েরা বিপিএলে অংশ নেবে।’পাকিস্তান সফর নিয়ে বিসিবির সাবেক সভাপতি ও বর্তমানে আইসিসির সহসভাপতি আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি। ৯ জানুয়ারি বিসিএলের ম্যাচ দেখতে গিয়ে মুস্তফা কামাল বলেছিলেন, তিনি কখনোই পাকিস্তান সফরের ব্যাপারে নিঃশর্ত প্রতিশ্রুতি দেননি। আইসিসির সভার কার্যবিবরণীতেও এ রকম কিছু নেই। প্রসঙ্গটা উঠতেই একটু যেন ঝাঁজালো নাজমুল হাসানের কণ্ঠ, ‘১৫ এপ্রিল আইসিসির একটা সভা হয়। ওই মিটিংয়ের কার্যবিবরণীতে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে এবং আইসিসি যদি নিরাপত্তার কারণে ম্যাচ অফিশিয়ালস না-ও পাঠায় তার পরও আমরা সফর বাতিল করতে পারব না। তার মানে আমাদের যেতেই হবে। এর চেয়ে কঠিন শর্ত আমার জানা নেই।’মুস্তফা কামালের বক্তব্য মিলিয়ে দেখতে বিসিবি আইসিসির সহযোগিতা চাইবে বলে জানালেন তিনি, ‘যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এটা খণ্ডানোর জন্য আমরা ঠিক করেছি, আইসিসিকে শিগগিরই চিঠি দিয়ে জানতে চাইব কেন মিনিটসের মধ্যে এই কথাগুলো লেখা হলো? যেখানে আইসিসির সহসভাপতি নিজেই বলছেন, এমন কোনো কথা বলা হয়নি। আমরা এর ব্যাখ্যা চাইব।’নাজমুল জানান, পাকিস্তান সফরে যেতে রাজি হয়ে বিসিবি প্রথম চিঠি দেয় গত ১২ এপ্রিল, দ্বিতীয় চিঠি ১৮ অক্টোবর। এই চিঠিতে বাংলাদেশ দল ১২-২০ ডিসেম্বর পাকিস্তান সফর করবে বলে জানানো হয়েছিল। বিসিবি পরিচালকদের অজান্তে এসব যোগাযোগ হয়েছে বলে দাবি নাজমুলের, ‘যতজন পরিচালকের কাছে জানতে চেয়েছি, সবাই বলেছেন এ বিষয়ে ওনারা কেউ জানেন না। সিইও সুজন (নিজামউদ্দিন চৌধুরী) মূলত যোগাযোগগুলো করেছে। সুজন বলেছে, আগের সভাপতি কামাল সাহেবের নির্দেশে সে চিঠিগুলো পাঠিয়েছে।’শুধু আইসিসি নয়, বিসিবির কাছ থেকে একটা চিঠি পেতে পারেন স্বয়ং মুস্তফা কামালও। বিসিবির বর্তমান গঠনতন্ত্র নিয়ে তাঁর সমালোচনার জবাবে নাজমুলই বলেছেন, ‘আমরা ঠিক করেছি (গঠনতন্ত্রে) কী কী ভুলভ্রান্তি আছে জানতে চেয়ে ওনাকে চিঠি দেব এবং এও জিজ্ঞাসা করব, কেন উনি জেনেশুনে ভুলভ্রান্তিগুলো অনুমোদনের জন্য এনএসসিতে পাঠালেন।’