পাকিস্তানে ক্রিকেটে ডোপ পরীক্ষা চালু
ডোপ ইস্যুতে পাকিস্তান ক্রিকেটের অভিজ্ঞতা সুখকর নয়। ক্রিকেটারদের ডোপ নেওয়া প্রমাণিত হওয়ায় অতীতে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে দেশটিকে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ঘরোয়া ক্রিকেটে ডোপ পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানি পত্রিকা ডন অনলাইনের খবরে বলা হয়, ক্রিকেটারদের ডোপ পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। গতকাল পিসিবির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ক্রিকেট থেকে ড্রাগ বিতাড়িত করতে ঘরোয়া ক্রিকেটে ডোপ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। জাতীয় টি-টোয়েন্টি লিগে বিভিন্ন আঞ্চলিক দলের ক্রিকেটারদের এই পরীক্ষায় অংশ নিতে হবে। দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষার জন্য ক্রিকেটারদের নির্বাচন করা হবে।’বিবৃতিতে জানানো হয়,প্রতিযোগিতাজুড়ে ডোপ পরীক্ষা তত্ত্বাবধান করবে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ওয়াডার কর্মকর্তারা। বিবৃতিতে আরও বলা হয়, গত ঘরোয়া মৌসুমে প্রায় ৫০০ ক্রিকেটারকে ডোপের ব্যাপারে শিক্ষা দেয় পিসিবি। ডোপ সংক্রান্ত আইনকানুন সম্পর্কেও ক্রিকেটারদের ধারণা দেওয়া হয়। নিষিদ্ধ ড্রাগের সর্বশেষ তালিকা ও ডোপ সংক্রান্ত যাবতীয় তথ্য গাইড বই ও সিডি আকারে ক্রিকেটারদের দেওয়া হয়েছে।২০০৬ সালে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পাকিস্তানকে লজ্জায় ফেলে দেন দেশটির দুই তারকা বোলার শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ। এ ঘটনায় শোয়েব দুই ও আসিফ এক বছরের জন্য নিষিদ্ধ হন। তবে শাস্তির বিরুদ্ধে তাঁরা আপিল করলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে আবারও ডোপ পরীক্ষায় ব্যর্থ হন মোহাম্মদ আসিফ। এ ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানি এই ফাস্ট বোলার।