পাকিস্তানে খেলতে আগ্রহী বিদেশি ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই তিন বছরেরও বেশি সময় ধরে। শত চেষ্টা করেও কোনো দলকে আনতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি ক্রিকেটারদের পাকিস্তানে আকৃষ্ট করতে টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছে পিসিবি।পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ দাবি করেছেন, প্রস্তাবিত টি-টোয়েন্টি লিগে অংশ নিতে বিশ্বের বেশ কয়েকজন ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন।‘ইতিবাচক দিক হচ্ছে, এরই মধ্যে কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি আমরা। তাঁরা আসতে এবং খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। পাকিস্তানে আসার ক্ষেত্রে তাঁরা যে জিনিসটা চান তা হলো, ভালো অর্থ এবং অর্থনৈতিক নিশ্চয়তা।’ পাকিস্তানের ডেইলি টাইমসকে বলেছেন জাকা আশরাফ।পিসিবিপ্রধান বলেন, ‘বিদেশি ক্রিকেট বোর্ডগুলো এখনই হয়তো পাকিস্তানে দল পাঠানোর মতো পদক্ষেপ নেবে না। প্রথমে আমাদের প্রিমিয়ার লিগ চালু করতে হবে এবং পাকিস্তানে খেলার মধ্য দিয়ে বিদেশি ক্রিকেটারদের মনোভাব বদলাতে হবে।’প্রিমিয়ার লিগ আয়োজনের অগ্রগতি সম্পর্কে জাকা আশরাফ বলেন, লিগ আয়োজনের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ। কারণ, তারকা ক্রিকেটারদের অনেক অর্থ দিতে হবে। আগ্রহী স্পনসরদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত দল বিক্রির ব্যাপারে কাউকে প্রস্তাব দিইনি আমরা।’২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত থাকে ক্রিকেট খেলুড়ে দেশগুলো।