পাকিস্তানে খেলতে যাওয়ার প্রস্তাবই দেয়নি নিউজিল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছিলেন, বন্যাদুর্গতদের সহায়তার জন্য পাকিস্তানে খেলতে আসার প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ড। তবে এক দিন পর আজ সোমবার এ খবর অস্বীকার করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন দাবি করেছেন, পাকিস্তানে খেলতে যাওয়ার মতো প্রস্তাব দেওয়ার প্রশ্নই উঠে না! গতকাল রোববার পাকিস্তান দলের ম্যানেজার নাদিম সারওয়ার ক্রিকইনফোকে জানান, বন্যাদুর্গতদের সহায়তা করা জন্য নিউজিল্যান্ডের কাছ থেকে একটি প্রস্তাব এসেছে। এমনকি এর প্রয়োজনে পাকিস্তানে খেলতে আসতেও সম্মতির কথা জানিয়েছে তারা।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডসহ বেশির ভাগ দেশ পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। নাদিম সারওয়ারের বক্তব্যের পর পাকিস্তানে আবারও ক্রিকেট ফিরে আসছে বলে মনে করা হচ্ছিল। তবে পাকিস্তানে খেলতে যাওয়ার মতো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেন, ‘দুর্গতদের সহায়তা করার জন্য ক্রিকেট গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে—এ রকম একটা বার্তা ই-মেইলের মাধ্যমে পিসিবির কাছে পাঠানো হয়েছিল। এর অর্থ এই নয় যে নিউজিল্যান্ড দল সেখানে খেলতে যাচ্ছে। কোনোভাবেই নিরাপত্তা শঙ্কা নিয়ে আমরা এ রকম একটা প্রস্তাব দিতে পারি না।’জাস্টিন ভনের সুরে সুর মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ম্যানেজার হিথ মিলস বলেছেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর কেন হামলা করা হয়েছিল, তাও এখনো চিহ্নিত করতে পারেনি পাকিস্তান।’ এরপর মিলস যোগ করেন, ‘অদূর ভবিষ্যতে পাকিস্তান সফরে যাওয়ার নিউজিল্যান্ডের প্রশ্ন উঠে না। তবে দুর্গতদের সহায়তার জন্য কিছু করার থাকলে ক্রিকেট সম্প্রদায় মিলে অবশ্য সেই চেষ্টা করা উচিত।’— ক্রিকইনফো