পাকিস্তানে চলছে জোর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি ঘোষণাটা দিয়েছে একটা শর্ত রেখে। আইসিসি আদর্শ সিরিজ করলেই কেবল পাকিস্তানে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ধরেই নিয়েছে সিরিজটা হচ্ছে। ক্রিকেটমহল থেকে শুরু করে পুরো দেশে উচ্ছ্বাসের জোয়ার। চলছে জোর প্রস্তুতিও। এক ওয়ানডে ও এক টি-টোয়েন্টির অদ্ভুত এই সিরিজের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এখন যেন বিয়েবাড়ি। আবার আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে তুলতে চলছে ঘষামাজা। পরিষ্কার করা হচ্ছে গ্যালারি, লাগছে নতুন রঙের ছোঁয়া, ভাঙা সিটগুলো সরিয়ে নতুন সিট বসানো হচ্ছে।১৯৫৩ সালে স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় থেকে এখানে কাজ করছেন হাজি বশির। ৭৩ বছর বয়সী গ্রাউন্ডসম্যান বাংলাদেশের সম্ভাব্য সফর নিয়ে রীতিমতো রোমাঞ্চিত, ‘ম্যাচ দুটোর পিচ পরিচর্যা করতে পারায় আমি খুবই খুশি। আমরা আবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করব, গোটা জাতির জন্যই এটা দারুণ খবর।’ প্রস্তুতি সম্পর্কে পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার জানিয়েছেন, ‘প্রস্তুতিকাজ দ্রুত এগিয়ে চলছে, বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আজ (পরশু) আমরা স্টেডিয়াম পরিদর্শন করে দেখেছি, এখন উন্মুখ হয়ে আছি সিরিজের জন্য।’প্রস্তুতিপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিরাপত্তা। বিসিবিপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের পাকিস্তান সফরের সময় নিরাপত্তার একটা মহড়া দেখানো হয়েছে। পিসিবির নিরাপত্তা ব্যবস্থাপক ওয়াসিম শহীদ জানালেন, নিরাপত্তা পরিকল্পনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, ‘পূর্ণাঙ্গ একটি নিরাপত্তা পরিকল্পনা প্রাদেশিক সরকারের কাছে পাঠাব আমরা এবং আইসিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশ দলের জন্য সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।’৩৭ মাস আগে পাকিস্তানে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এই গাদ্দাফি স্টেডিয়ামেই। ২০০৯ সালের ৩ মার্চ, পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে আসার পথে হামলা হয় শ্রীলঙ্কা দলের ওপর। গাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হন। পরে হেলিকপ্টারে মাঠ ছাড়েন লঙ্কান ক্রিকেটাররা। বাতিল হয় ওই ম্যাচ ও সিরিজ। আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি পাকিস্তানে। এই সময়ে বিদেশি দল বলতে কেবল আফগানিস্তান খেলে গেছে পাকিস্তানে ‘এ’ দলের সঙ্গে। এএফপি।