পাকিস্তানে নিরপেক্ষ আম্পায়ার নয়!
বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দলের কাছে ‘নিরাপদ’ মনে হয়েছে পাকিস্তান। আইসিসির কাছেও কি তা-ই মনে হবে? মনে হলে ভালো, কিন্তু না হলে! না হলেও আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরটি হওয়ার সম্ভাবনা জেগেছে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কমিটির দুই দিনব্যাপী সভায়।বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে কোনো টেস্ট খেলবে না। সাত দিনের সংক্ষিপ্ত সফরে খেলবে তিনটি ওয়ানডে অথবা দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে দুই প্রান্তেই স্বাগতিক দেশের আম্পায়ার থাকে। তবে ওয়ানডেতে এক প্রান্তে নিরপেক্ষ ও আরেক প্রান্তে স্বাগতিক দেশের আম্পায়ার রাখার নিয়ম। ম্যাচ রেফারি হবেন নিরপেক্ষ। পাকিস্তানকে আইসিসির কাছে নিরাপদ মনে না হলে অন্য কোনো দেশ থেকে নিরপেক্ষ আম্পায়ার পাঠাবে না তারা। সে ক্ষেত্রে অংশগ্রহণকারী দলের অনিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালদের দিয়েই সিরিজটি পরিচালনা করার সুপারিশের সিদ্ধান্ত হয়েছে প্রধান নির্বাহী কমিটির সভায়। সিরিজ আয়োজনে বিসিবি-পিসিবির ব্যাপক আগ্রহই এ রকম ব্যতিক্রমী সুপারিশের সিদ্ধান্ত নেওয়ার কারণ। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসির নির্বাহী বোর্ড।সভা শেষে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘দ্বিপাক্ষিক ম্যাচে নিরাপত্তাসংক্রান্ত পুরো দায়দায়িত্ব অংশগ্রহণকারী দুই বোর্ডের। সেটা বিবেচনায় নিয়েই প্রধান নির্বাহী কমিটি মনে করে বিশেষ পরিস্থিতিতে অনিরপেক্ষ ম্যাচ কর্মকর্তা নিয়োগ করা যেতে পারে। তবে এটাও স্পষ্ট করা প্রয়োজন, এই সুপারিশ কার্যকর হলেও ভবিষ্যতে এটাকেই প্রথম পছন্দ বা নজির বলে ধরে নেওয়া যাবে না।’