পাকিস্তানে ফিরছেন জুলকারনাইন হায়দার!
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে খুব নাটকীয়ভাবে দুবাই থেকে পালিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন জুলকারনাইন হায়দার। দাবি করেছিলেন, তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বাজিকরেরা। এরপর পাকিস্তানের ক্রিকেট-সংশ্লিষ্টদের অনেক অনুরোধ সত্ত্বেও দেশে ফেরেননি তিনি। এবার এত দিন পর আবার দেশে ফিরতে চাচ্ছেন এ পাকিস্তানি উইকেটরক্ষক। সম্প্রতি লন্ডনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।লন্ডন থেকে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জুলকারনাইন বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আমি ২৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার আর লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি সেগুলো প্রত্যাহার করে নেব।’শুধু পাকিস্তানে ফেরাই না, প্রায় শেষ হওয়া ক্রিকেট ক্যারিয়ারটাও আবার নতুন করে শুরু করতে চান জুলকারনাইন। পিসিবি কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি। হঠাত্ কাউকে কিছু না বলে লন্ডনে চলে যাওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাঁকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলেও আখ্যায়িত করেছিল অনেকে। দেশে ফিরতে কোনো ঝামেলা না হলেও পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে প্রত্যাবর্তনের জন্য যে জুলকারনাইনকে অনেক কাঠখড় পোড়াতে হবে, তা সহজেই অনুমান করা যায়। ডন অনলাইন।