পাকিস্তানে ব্রিটিশ দলের ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কোনো বিশ্ববিদ্যালয় দলের সফর মনে হয় এতটা আলোড়ন তোলেনি বা এমন খবরের শিরোনাম হয়নি। আলোচিত ব্রিটিশ ইউনিভার্সিটিস ক্রিকেট দল গত সোমবার পা রেখেছে পাকিস্তানে। দলটির অধিনায়ক কামাল আলম বললেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনায় সাহায্য করতেই তাঁদের এই সফর। আজ ও আগামী পরশু দলটি লাহোরে দুটি ৫০ ওভারের ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।গত বছর পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে পাকিস্তানে খেলে এসেছে আফগানিস্তান। এই মাসের শেষ দিকে বাংলাদেশকে সংক্ষিপ্ত এক সফরে নেওয়ারও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সম্ভাব্য সফরটি নিয়ে এখন চরম অনিশ্চয়তা, সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এরই মাঝে পাকিস্তানে গেল ইউনিভার্সিটি দলটি। সংবাদ সম্মেলনে সফরের উদ্দেশ্য জানালেন অধিনায়ক কামাল, ‘শুধু ক্রিকেট খেলা নয়, এই সফর দিয়ে আমরা দেখাতে চাই পাকিস্তানে সত্যিকার অর্থেই ক্রিকেট প্রয়োজন। ক্রিকেট এই দেশের গুরুত্বপূর্ণ অংশ, সবাইকে মাতিয়ে রাখে ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট না হওয়া মানে দেশ থেকে অক্সিজেন তুলে নেওয়ার মতো।’সাবেক অধিনায়ক-কোচ ও পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক ইন্তিখাব আলমের ধারণা, এই দলের সফরে পাকিস্তানের ভাবমূর্তি ভালো হবে, ‘জাতীয় দলগুলো ও সংশ্লিষ্ট দলগুলোকে আমরা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছি, এই জায়গাটা নিরাপদ। আমি নিশ্চিত, এই ইউনিভার্সিটি দলটি এখানে খেলে, লোকজনের সঙ্গে মিশে যখন ফিরে যাবে, এটা অন্তত বুঝতে পারবে যে পরিস্থিতি মোটেও এতটা খারাপ নয়।’তবে সফরকারী দলটির পরিচয় নিয়ে যথেষ্টই বিতর্ক আছে। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে যে স্কোয়াড দেওয়া হয়েছে, সেখানে বেশ কজন এমসিসি সদস্যের নাম আছে, যাঁদের মধ্যে আছেন এমসিসি প্রেসিডেন্ট ফিলিপ হডসনের ছেলে উইল হডসনও। কিন্তু আসলে এমসিসি কিংবা ব্রিটিশ ইউনিভার্সিটিস দলের সঙ্গে এই দলের কোনো সম্পর্ক নেই। এমসিসির হয়ে খেলেছেন বা ইউনিভার্সিটিসের সঙ্গে সম্পর্কিত এমন কয়েকজন খেলোয়াড় আছেন এই দলে, তবে এটি প্রতিনিধিত্বকারী কোনো দল নয়। দলের অনেকে নাকি ব্যক্তিগত খরচে এই সফরে গেছেন। উইল হডসনও আসলে দলে নেই। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিসিবি কতটা মরিয়া, এটাই ফুটে উঠছে এই সফর থেকে। প্রায় অচেনা এক দলের সফরকে দেখানো হচ্ছে অনেক বড় করে! এএফপি।