পাকিস্তানে যাচ্ছে বিশ্ব একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা দলের ওপর হামলার সূত্রেই তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না পাকিস্তানে। এবার এক লঙ্কানের নেতৃত্বেই পাকিস্তানে যাচ্ছেন বর্তমান-সাবেক বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার। ২০ ও ২১ অক্টোবর করাচিতে পাকিস্তান একাদশের সঙ্গে দুটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। আর ওই দলটার নেতৃত্ব দেবেন সনাৎ জয়াসুরিয়া। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে যেতে কোনো ভয় নেই তাঁর।পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রয়াসের অংশ এই ম্যাচ দুটি। আগে দুই দফা তারিখ বাতিলের পর অবশেষে হতে যাচ্ছে ম্যাচ দুটি। জয়াসুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের রিকার্ডো পাওয়েল, জার্মেইন লসন, অ্যাডাম স্যানফোর্ড, দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প, আন্দ্রে নেল, লুটস বসম্যান, থান্ডি শাবালালা ও ন্যান্টি হেওয়ার্ড এবং আফগানিস্তানের শাপুর জাদরান ও মোহাম্মদ শাহজাদরা। দলের কোচ সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আলভিন কালিচরণ, ম্যানেজার সাবেক ইংল্যান্ড অফ স্পিনার ও নির্বাচক জিওফ মিলার। পাকিস্তান একাদশের নেতৃত্বে শহীদ আফ্রিদি। করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটির আগে ১৯ অক্টোবর জিমখানা মাঠে অনুশীলন করবে দুই দল। থাকবে শেরাটন হোটেলে। দুই দলের জন্য রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা রাখছে সিন্ধ প্রাদেশিক সরকার।কলম্বো থেকে জয়াসুরিয়া পাকিস্তান টুডেকে বলেছেন, নিরাপত্তা নিয়ে মোটেও শঙ্কিত নন তিনি, ‘আমাদের জাতীয় দলের ওপর যা হয়েছিল, সেটা অবশ্যই ছিল দুঃখজনক। কিন্তু হ্যাঁ, এখন নিরাপত্তা নিয়ে আমার কোনো ভয় নেই। আর দুই দলই ম্যাচটি খেলবে মহৎ কারণে।’ কারণটা ‘মহৎ’ শুধু পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রচেষ্টা বলেই নয়। মূল কারণ হয়তো এটিই, কিন্তু পোশাকি কারণ আরেকটা আছে। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে পাকিস্তানের বন্যার্তদের। এ জন্যই নাকি সিদ্ধান্ত নিতে খুব একটা ভাবতে হয়নি জয়াসুরিয়াকে, ‘পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। যেহেতু ম্যাচগুলো আয়োজিত হচ্ছে দাতব্য কাজে, ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে আমাদের কোনো রকম দ্বিধা ছিল না।’ ওয়েবসাইট।