পাকিস্তানে রং লেগেছে উৎসবের
বিশ্বকাপের আয়োজক হওয়ার কথা ছিল তাদেরও। কিন্তু ২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কার ওপর সন্ত্রাসী হামলার পর বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারায় তারা। নিরাপত্তার অভাব দেখিয়ে বিশ্বকাপ আয়োজকের তালিকা থেকে পাকিস্তানকে সরিয়ে দেয় আইসিসি। শুধু তা-ই নয়, ২০০৯ সালের পর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি পাকিস্তানে। আয়োজক হতে না পারায় পাকিস্তানিদের উৎসাহে ভাটা পড়বে কি না, তা নিয়ে সংশয় ছিল অনেকেরই। সংশয় ছিল স্পট ফিক্সিংসহ নানা বিতর্কে জর্জরিত পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়েও। কিন্তু বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় দিয়ে সব সংশয় উড়িয়ে দিয়েছে শহীদ আফ্রিদির দল।প্রথম ম্যাচে কেনিয়াকে বিধ্বস্ত করে চমৎকার সূচনা করেছিল পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়ে শেষ আটের দিকে ভালোভাবেই এগোচ্ছে ১৯৯২ চ্যাম্পিয়নরা। আয়োজক না হওয়ার বেদনা ভুলে সমর্থকেরাও মেতেছে উৎসবে।পাকিস্তানের স্কুলগুলো পরিণত হয়েছে মিনি থিয়েটারে। যেসব জায়গায় কেব্ল সংযোগ নেই সেখানে ৫০ রুপি খরচ করে মিনি থিয়েটারে খেলা দেখছে সমর্থকেরা। সংবাদমাধ্যমও ভুগছে বিশ্বকাপ-জ্বরে। বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করার জন্য সাবেক খেলোয়াড়দের শরণাপন্ন হচ্ছে টিভি-পত্রিকাগুলো। টিভি-পত্রিকার প্রতিটি বিজ্ঞাপনে লেগেছে বিশ্বকাপের হাওয়া। করপোরেট প্রতিষ্ঠানগুলো কোনো না কোনোভাবে নিজেদের সঙ্গে যুক্ত করছে বিশ্বকাপকে। এমনকি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানি মোবাইল ফোন কোম্পানিগুলোও দিচ্ছে বিশেষ অফার। শহীদ আফ্রিদির দলকে শুভকামনা জানাতে ৫০ ফুট লম্বা আর ৬ ফুট চওড়া ব্যাট বানিয়েছে পাসবা নামের একটি ছাত্রসংগঠন। উৎসবের উপলক্ষ দেখছেন পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেলও। বিশ্বকাপ জেতার ‘নিশ্চিত সুযোগ’ দেখছেন তিনি। পাকিস্তানের জন্য এটা ছিল দারুণ এক জয়। আমি দ্বিধাহীনভাবে বলতে পারি, বিশ্বকাপ জেতার নিশ্চিত সুযোগ আছে পাকিস্তানের’—দ্য নিউজ পত্রিকায় লিখেছেন সোহেল।বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছে পাকিস্তান। তবু বিশ্বকাপে ফেবারিট হিসেবে খুব কম মানুষই বলেছিল পাকিস্তানের নাম। তবে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানকেও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন আমির সোহেল। ‘এ জয়ই পাকিস্তানের গায়ে ফেবারিটের তকমা লাগিয়ে দেবে। এভাবে এগোতে থাকলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজ বা বাংলাদেশের মুখোমুখি হওয়ার ভালো সুযোগ আছে তাদের’—বলেছেন সাবেক এই অধিনায়ক। ওয়েবসাইট।