পাকিস্তানের অধিনায়ক নির্বাচন ৪ ফেব্রুয়ারি
বিশ্বকাপ সন্নিকটে। দলও ঘোষণা হয়ে গেছে। কিন্তু পাকিস্তান দলের খেলোয়াড়েরা জানেন না আসন্ন বিশ্বকাপে কে তাঁদের নেতৃত্ব দেবেন। এমন একটি পরিস্থিতিতে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক শহীদ আফ্রিদি ও টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হকের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। বিশ্বকাপ দলের অধিনায়ক হওয়াটা পরিণত হয়েছে এই দুই খেলোয়াড়ের ‘প্রেস্টিজ ইস্যু’তে।পাকিস্তানের ক্রিকেটে সবকিছুই সম্ভব। এখানে অনেক কিছুই ঘটে, যার কোনো ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। অধিনায়ক নিয়ে এই বিতর্কটি বোর্ড কেন বাঁধাল তারও কোনো সদুত্তর কারও কাছে নেই। অনাহুত এই বিতর্কে বিরক্ত পাকিস্তানি ক্রিকেটের অনেকেই। সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক তো বলেই দিয়েছেন, বোর্ডের সৃষ্ট এই বিতর্ক বিশ্বকাপে পাকিস্তানের ফলাফলে বাজে প্রভাব ফেলবে।একটা গুজব ছিল, আজ সোমবার যেকোনো সময় পিসিবি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের অধিনায়কের নাম ঘোষণা করবেন। কিন্তু নেপিয়ারে অবস্থানরত বোর্ডের প্রধান ইজাজ বাট জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগের দিন বিশ্বকাপের অধিনায়ক চূড়ান্ত করা হবে।নিউজিল্যান্ডে অবস্থানরত পাকিস্তানি সাংবাদিকদের একটা অংশ ইজাজ বাটের কাছে প্রশ্ন রেখেছিল, মিসবাহ না আফ্রিদি—কে হচ্ছেন বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক। এই প্রশ্নের কোনো উত্তর দেননি বাট।ক্রিকেটামোদীদের একটা শুভ সংবাদ অবশ্য এক ফাঁকে দিয়ে দিয়েছেন পিসিবির প্রধান। তিনি জানিয়েছেন, এ বছরের যেকোনো সময়ে ইংল্যান্ডের নিরপেক্ষ ভেন্যুতে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে খেলতে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দুই দেশের সরকারি পর্যায়েই হবে বলে জানিয়ে রেখেছেন তিনি। পিটিআই।