পাকিস্তানের অভাবনীয় অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কী যে বলি...অনুভূতি কীভাবে বোঝাই ...!’ এমনিতে আবেগের বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায় না তাঁর মধ্যে। কিন্তু পরশুর ম্যাচ শেষে আক্ষরিক অর্থেই যেন ভাষা হারিয়ে যেন ফেলেছিলেন উচ্ছ্বসিত মিসবাহ-উল-হক। এমন একটা জয়ের পর এটা স্বাভাবিকও।
তীরে এসে তরী ডোবার শিকার যখন দক্ষিণ আফ্রিকা, তাদের ক্ষেত্রে আরও একবার ‘চোক’ শব্দটি ব্যবহার করাই যায়। দক্ষিণ আফ্রিকা হেরেছে আসলে পাকিস্তানের মতো করেই। আর হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচটি অভাবিতভাবে মুঠোয় পুরেছে পাকিস্তান। সেই জয়েই ইতিহাস গড়ল মিসবাহর পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান সিরিজ জিতল এই প্রথম, সেটাও দক্ষিণ আফ্রিকার মাটিতে! উপমহাদেশের কোনো দলেরই দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় এই প্রথম। নাটকীয় জয়ে মধুর প্রতিশোধও নিয়েছে পাকিস্তান। দুই দলের আগের সিরিজেই গত ৩০ অক্টোবর পাকিস্তানের মুঠো থেকে দক্ষিণ আফ্রিকা ছিনিয়ে নিয়েছিল ১ রানের জয়!
শারজার সেই ম্যাচে শেষ ১০ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ২৫ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। কিন্তু ২৪ বল আগেই গুটিয়ে গিয়ে হেরেছিল ১ রানে। পরশু পোর্ট এলিজাবেথে ২৬৩ রান তাড়ায় দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২ বলে ১১, হাতে ৬ উইকেট। সেঞ্চুরির দোরগোড়ায় হাশিম আমলা। ৪৯তম ওভারের প্রথম ৫ বলে সাঈদ আজমল দিলেন মাত্র ২ রান। শেষ বলে ছক্কায় সেঞ্চুরি ছুঁতে গিয়ে আকাশে তুলে হাফিজের তালুবন্দী আমলা (৯৮)। শেষ ওভারে প্রয়োজন ৯। উইকেটে দুই বাঁহাতি (ডুমিনি ও মিলার) দেখে অফস্পিনার হাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন মিসবাহ। কিন্তু নিজে থেকেই এগিয়ে গিয়ে বল চেয়ে নেন জুনাইদ খান। এই সাহসের উৎস যে নিজের সামর্থ্যে অগাধ আস্থা, সেটা দেখিয়েছেন অসাধারণ বোলিং করে। প্রথম বলে ১ রান, পরের বলে আনোয়ার আলীর দুর্দান্ত ক্যাচে আউট জেপি ডুমিনি। পরের চার বলই ইয়র্কার লেংথ। তৃতীয় বলে রান নেই, চতুর্থ বলে ১, পঞ্চম বলে লেগবাই ১। শেষ বলে প্রয়োজন ছিল ৬, মিলারের পায়ে লেগে বল বাউন্ডারিতে। সেন্ট জর্জেস পার্কে পাকিস্তানিদের উচ্ছ্বাস তখন বাঁধনহারা।
এমন ম্যাচ জিততে ভাগ্যের ছোঁয়া অবশ্যই লাগে। তবে মিসবাহর পরিকল্পনারও বড় একটা ভূমিকা ছিল জয়ে, ‘আমি সবাইকে বলছিলাম ম্যাচ কোনোমতে শেষ ওভারে নিয়ে যেতে। কারণ রান যতই প্রয়োজন হোক আর উইকেট যতই থাকুক, ম্যাচ শেষ ওভারে গেলে ব্যাটিং দল একটু চাপে পড়েই। ৪৯তম ওভারটি গুরুত্বপূর্ণ ছিল, আজমল দুর্দান্ত বোলিং করেছে। শেষ ওভারে জুনাইদ ইয়র্কার দারুণভাবে কাজে লাগিয়েছে।’
সিরিজ জয়টা ঐতিহাসিক। পাকিস্তান অধিনায়ক তাই একটু বেশিই উচ্ছ্বসিত, ‘আমাদের জন্য এটি অনেক, অনেক বড় একটি অর্জন। বিশেষ করে এই তরুণ দলটির জন্য। এই দল এখন নিজেদের সামর্থ্যে বিশ্বাস করতে শুরু করেছে। আবুধাবি ও শারজায় (আগের সিরিজে) এই বিশ্বাসেরই ঘাটতি ছিল। দল এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে, ভবিষ্যতে আরও ভালো করবে।’
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল সেঞ্চুরিয়নে। ওয়েবসাইট।