পাকিস্তানের আফ্রিদি অধ্যায় শেষই
শহীদ আফ্রিদির অধিনায়কত্বের অধ্যায় শেষই হয়ে গেছে। কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিবাদে জড়িয়ে রাগ করে আয়ারল্যান্ড সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আফ্রিদি এক অর্থে নিজের পায়েই কুড়াল দিয়ে আঘাত করেছেন। পিসিবি সভাপতি ইজাজ বাট আফ্রিদিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার যে সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ আফ্রিদিই তাঁর হাতে তুলে দিয়েছেন। তবে পিসিবি সূত্র জানিয়েছে, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরও আফ্রিদি যেন একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সম্মানের সঙ্গে নিজের ক্যারিয়ার অব্যাহত রাখতে পারেন, সেই সুযোগ তাঁকে করে দেওয়া হবে।পিসিবির সভাপতি ইজাজ বাট প্রথম থেকেই পাকিস্তান দলের দুই অধিনায়ক তত্ত্বের ঘোর বিরোধী ছিলেন। এমনকি তিনি আফ্রিদিকেও অধিনায়ক পদে দেখতে চাচ্ছিলেন না। জানা গেছে, আফ্রিদি ওয়াকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পর বাট তাঁকে আর একমুহূর্তের জন্য অধিনায়ক পদে দেখতে চাচ্ছিলেন না। সে কারণে, টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হককেই সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করে যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে।পিসিবির একটি সূত্র জানিয়েছে, আফ্রিদির অধিনায়কত্বের সময়ে দলে বিভাজন ও অভ্যন্তরীণ রাজনীতি চরম আকার ধারণ করেছে। পিসিবি তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়ে এর একটি দ্রুত সমাপ্তি চাচ্ছে।মিসবাহকে সব ফরম্যাটে অধিনায়ক করার ব্যাপারে পিসিবির সূত্র জানিয়েছে, মিসবাহ খেলোয়াড় হিসেবে খুবই ধারাবাহিক। সব ফরম্যাটেই তিনি নিজেকে প্রমাণ করেছে।আফ্রিদির ব্যক্তিগত ফর্ম নিয়েও ক্ষোভের অন্ত নেই পিসিবিতে। পিসিবির মুখপাত্র জানিয়েছেন, মিসবাহের তুলনায় আফ্রিদির ফর্ম কিছুই নয়। আফ্রিদি অনেক দিন ধরেই ব্যাট হাতে ব্যর্থ। বিশ্বকাপে তিনি ব্যাট হাতে প্রয়োজনের সময় জ্বলে উঠতে পারেনি। আফ্রিদির ঘোষণা দিয়ে নিজেকে টেস্ট ক্রিকেটের ‘অযোগ্য’ খেলোয়াড় হিসেবে অভিহিত করে টেস্ট খেলা ছেড়ে দেওয়াও নাকি পিসিবি ভালোভাবে নেয়নি।এদিকে পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খান জানিয়েছেন, ‘আফ্রিদি যদিও এ মুহূর্তে বাজে ফর্মে রয়েছে, তার মানে এই নয় যে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি মনে করি, আফ্রিদির এখনো পাকিস্তানকে দেওয়ার অনেক কিছুই রয়েছে। সে আরও তিন-চার বছর খুব সহজেই ক্রিকেট খেলে যেতে পারবে।’ পিটিআই।