পাকিস্তানের ইনিংসে জিম্বাবুয়ের ‘দান’
টিনো মায়োয়োর সেঞ্চুরির জবাবই কি দিলেন মোহাম্মদ হাফিজ? নাকি সোহেল খান-আদনান আকমলের কাছে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করলেন ক্রিস্টোফার পোফু-ভুসিমুজি সিবান্দারা!মায়োয়োর মতো ‘স্টোনওয়ালার’ হননি, ১১৯ রানের ইনিংসে সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন ১২৮ বলেই। তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে জিম্বাবুয়ের ওপেনার মায়োয়োকে ক্যাচ ফেলে আর স্টাম্পিং মিস করে দুবার নতুন জীবন দিয়েছিলেন সোহেল ও আদনান। কাল তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই সেটির ‘প্রতিদান’ পেয়ে গেলেন পাকিস্তানের ওপেনার হাফিজ। নিজের বলে নিজেই ক্যাচ ফেললেন পোফু, হাফিজের রান তখনো আগের দিনের ৭৯। জিম্বাবুয়ে ফিল্ডাররা কাল ক্যাচ ফেলেছেন আরও দুটি। তাতে বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেটের বেশি হারাতে হয়নি পাকিস্তানকে, ৩৫৭ রান করে জিম্বাবুয়ে থেকে তখনো ৫৫ রান দূরে তারা।নতুন জীবন পেয়ে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের স্কোর বোর্ডের প্রাণটাও ধরে রেখেছিলেন মায়োয়ো। তবে পাকিস্তানের জন্য সেটা করতে হাফিজ সঙ্গে পেয়েছেন অনেককেই। আজহার আলীর সঙ্গে তাঁর আগের দিনের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটি কাল শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১৮৮ রানের। মাসাকাদজার বলে শর্ট মিড উইকেটে ল্যাম্বের ক্যাচে হাফিজের বিদায়েই ভেঙেছে জুটিটা।লাঞ্চের ঠিক আগে আগে আউট হয়ে যাওয়ায় দুঃখ থাকতে পারে হাফিজের। তবে পাকিস্তানের ইনিংসে তাঁর বিদায়টা টের পেতে দেননি আজহার আলী, ইউনুস খান, মিসবাহ-উল হকরা। ৭৫ রান করে আজহার ল্যাম্বের বলে কট বিহাইন্ড হওয়ার পর ইউনুস-মিসবাহর চতুর্থ উইকেটে আসে ১০০ রান। ব্যাটিং-সহায়ক উইকেট, তার ওপর পেসারদের বলে গতিও তেমন নেই। লাইন-লেংথ ঠিক রেখে কেবল ব্যাটসম্যানদের ভুলের অপেক্ষাতেই ছিলেন জিম্বাবুইয়ান বোলাররা। অফ স্পিনার ল্যাম্বের ফ্লাইটেড ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে সেই ভুলটাই করেছেন আজহার, বল ব্যাটের ভেতরের কানায় লেগে কট বিহাইন্ড।জিম্বাবুয়ে ফিল্ডারদের ক্যাচ ছাড়ার ‘সৌজন্য’ শুধু হাফিজই নন, পেয়েছেন ইউনুস-মিসবাহও। ৬৬ রান করে ল্যাম্বের বলে ভিটরির ক্যাচ হওয়া মিসবাহ ক্যাচ দিয়েছিলেন ব্যক্তিগত ২ রানের সময়। বোলার ছিলেন ল্যাম্বই, মিড উইকেটে ক্যাচ নিতে পারেননি সিবান্দা। আর রেমন্ড প্রাইসের বলে ব্যক্তিগত ৩০ রানে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন দিন শেষে ৬১ রানে অপরাজিত থাকা ইউনুস।দুর্ভাগ্য শুধু উমর আকমলের। ব্যক্তিগত ১ রানের সময় ভিটরির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচের মতো দিয়েও টেলরের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। ল্যাম্বকে পুল করতে গেলে ফরোয়ার্ড শর্ট লেগের ফিল্ডারের কাঁধে বল লেগে ক্যাচ উঠে যায়। লেগ গালিতে ক্যাচটা নেন টেলর। জীবন পেয়েও মাত্র ১৫ রান করে অমন আউট! যেন বিশ্বাসই হচ্ছিল না আকমলের। হবে কীভাবে? বুলাওয়ে টেস্টে ক্যাচ মিস মানেই যে হয়ে দাঁড়িয়েছিল অন্তত ফিফটির নিশ্চয়তা! ওয়েবসাইট।